বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

মার্কিন নিষেধাজ্ঞা সব দেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা: তেহরান

আন্তর্জাতিক ডেস্ক

আগস্ট ২২, ২০২৬, ১০:১৬ এএম

মার্কিন নিষেধাজ্ঞা সব দেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা: তেহরান

ছবি : সংগৃহীত

ইরানের ওপর যুক্তরাষ্ট্রের আরোপ করা নতুন নিষেধাজ্ঞা একটি দেশের বিরুদ্ধে অবৈধ অর্থনৈতিক যুদ্ধের সীমা ছাড়িয়ে গেছে। তেহরানের পক্ষ থেকে সাফ জানানো হয়েছে যে এসব নিষেধাজ্ঞা মূলত সব সরকারের বিরুদ্ধেই যুদ্ধ ঘোষণার শামিল। ইরানের বার্তা সংস্থা ফার্সের বরাতে আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। 

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেয়ি এক সংবাদ সম্মেলনে এই কঠোর প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।আন্তর্জাতিক অঙ্গনে অর্থনৈতিক জবরদস্তি একটি গুরুতর অপরাধ বলে মন্তব্য করেছে তেহরান।বাঘেয়ি বলেন, নতুন নিষেধাজ্ঞার এই ঘোষণা জাতিসংঘের সব স্বাধীন সদস্য রাষ্ট্রের ওপর যুক্তরাষ্ট্রের বহিঃরাষ্ট্রীয় সার্বভৌমত্ব প্রতিষ্ঠার একটি ব্যর্থ প্রচেষ্টা মাত্র। 

বিদেশি ব্যাংক বা প্রতিষ্ঠানগুলোকে তৃতীয় কোনো দেশের সাথে বৈধ বাণিজ্য করা থেকে বিরত থাকতে বাধ্য করার কোনো আইনি এখতিয়ার বিদেশি কোনো সরকারের নেই। এই ধরনের পরোক্ষ নিষেধাজ্ঞার আন্তর্জাতিক আইনে কোনো ভিত্তি নেই এবং তা জাতিসংঘ সনদের মৌলিক নীতি লঙ্ঘন করে।

তিনি আরও সতর্ক করে বলেন, এই ধরনের ভীতি প্রদর্শনের কাছে নতি স্বীকার করলে তা জাতীয় সার্বভৌমত্বের সম্পূর্ণ অবঘটন ঘটাবে। অর্থনৈতিক জবরদস্তিকে আন্তর্জাতিক অপরাধ হিসেবে আখ্যায়িত করে বলা হয়, এর সাথে নৌ অবরোধ যুক্ত করা হলে তা অন্যান্য রাষ্ট্রের সার্বভৌমত্বকে অন্য একটি শক্তির খেয়ালখুশির ওপর নির্ভরশীল করে তোলে।

তথ্যসূত্র: আল জাজিরা