বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

প্রতিরক্ষা থেকে আক্রমণাত্মক নীতিতে ইরান, হুঁশিয়ারি তেহরানের

আন্তর্জাতিক ডেস্ক

আগস্ট ২২, ২০২৬, ০২:৩০ পিএম

প্রতিরক্ষা থেকে আক্রমণাত্মক নীতিতে ইরান, হুঁশিয়ারি তেহরানের

ছবি : সংগৃহীত

ইরানের ওপর কোনো ধরনের হামলা চালানো হলে আগের তুলনায় আরও ব্যাপক ও শক্তিশালী জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে দেশটি। তেহরানের সামরিক কৌশলের এই পরিবর্তনের কথা জানিয়েছেন সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরামিনিয়া। সাম্প্রতিক যুদ্ধগুলোর অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে ইরানের সামরিক কৌশল এখন প্রতিরক্ষামূলক অবস্থান থেকে আক্রমণাত্মক অবস্থানের দিকে ধাবিত হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।

যেকোনো আগ্রাসনের জবাব তাৎক্ষণিকভাবে এবং বিধ্বংসী হবে বলে হুংকার দিয়েছেন সামরিক মুখপাত্র।ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরামিনিয়া স্পষ্ট করেছেন যে, এই পরিবর্তনের অর্থ শত্রুর বিরুদ্ধে আগাম কোনো অভিযান চালানো নয়। তবে কোনো দেশ আগ্রাসন চালালে ইরান তার কঠোর ও তাৎক্ষণিক জবাব দেবে, যা আগ্রাসনের মাত্রার চেয়েও ব্যাপক হবে। 

তিনি বলেন, আগের সংঘাতে ক্ষতিগ্রস্ত সামরিক সরঞ্জাম ও ব্যবস্থাগুলো মেরামত করা হয়েছে এবং নতুন প্রযুক্তি ও ব্যবস্থা বাহিনীতে যুক্ত করা হয়েছে। শত্রুরা আবার কোনো ভুল করলে ইরান আগের চেয়েও বেশি শক্তি নিয়ে পাল্টা জবাব দেবে।এদিকে মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের ইঙ্গিত দিয়ে তিনি সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের সাম্প্রতিক প্রতিরক্ষা অংশীদারত্বের প্রশংসা করেন। 

তার মতে, এই ধরনের আঞ্চলিক উদ্যোগ মধ্যপ্রাচ্য থেকে যুক্তরাষ্ট্রের প্রভাব কমে আসার একটি স্পষ্ট সংকেত। হরমুজ প্রণালির কৌশলগত গুরুত্ব বৃদ্ধির কথা উল্লেখ করে তিনি বলেন, যেকোনো পরিস্থিতিতে নিজেদের সার্বভৌমত্ব রক্ষায় ইরান নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে।

তথ্যসূত্র: প্রেস টিভি