আগস্ট ২৩, ২০২৬, ০৯:৪৫ এএম
ভারতের ওড়িশা উপকূল থেকে প্রায় দুই শ চল্লিশ নটিক্যাল মাইল দূরে বাংলাদেশিসহ চব্বিশ জন নাবিক নিয়ে একটি কার্গো জাহাজ ডুবে গেছে। পানামার পতাকাবাহী এমভি ওশান-উইনার নামের এই জাহাজটিতে একজন বাংলাদেশি নাবিকসহ বিভিন্ন দেশের ক্রু সদস্য ছিলেন। লোহা আকরিক নিয়ে জাহাজটি ওড়িশার পারাদ্বীপ বন্দর থেকে সিঙ্গাপুরের উদ্দেশে যাত্রা করেছিল বলে জানা গেছে।
জাহাজ পরিচালনাকারী প্রতিষ্ঠানের তথ্য অনুযায়ী, গত বুধবার রাতে যাত্রা শুরুর পর নির্ধারিত সময়ে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, জাহাজটিতে মোট চব্বিশ জন ক্রু সদস্য অবস্থান করছিলেন। যার মধ্যে বিশ জন চীনের, তিনজন মিয়ানমারের এবং একজন বাংলাদেশের নাগরিক।
গত শনিবার বেলা এগারোটার দিকে শ্রী বিজয়পুরমের মেরিটাইম রেসকিউ কো-অর্ডিনেশন সেন্টার জাহাজটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার বিষয়টি জানতে পারে। এরপরই জাহাজ পরিচালনাকারী প্রতিষ্ঠানের পক্ষ থেকে জরুরি উদ্ধার ও অনুসন্ধান অভিযানে সহায়তার অনুরোধ জানানো হয়।
ঘটনার পর ভারতীয় কোস্ট গার্ড ও নৌবাহিনী যৌথভাবে বঙ্গোপসাগরের ওই অঞ্চলে ব্যাপক উদ্ধার অভিযান শুরু করেছে। কোস্ট গার্ডের বেশ কয়েকটি জাহাজ ঘটনাস্থলে পাঠানো হয়েছে এবং আশপাশের অন্যান্য বাণিজ্যিক জাহাজগুলোকেও সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। ইতোমধ্যে লাইফ র্যাফট থেকে দুজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে বলে কোস্ট গার্ড জানিয়েছে। নিখোঁজ অন্যান্য নাবিকদের উদ্ধারে তল্লাশি অভিযান বর্তমানেও অব্যাহত রয়েছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন