আগস্ট ২৯, ২০২৬, ০২:৪২ পিএম
পাকিস্তানের আজাদ কাশ্মীর দখলের ডাক দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। গত শুক্রবার কলকাতার যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বাইরে আয়োজিত এক রাজনৈতিক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি এই মন্তব্য করেন। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে জানানো হয়েছে যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে চলা কথিত হুমকির সংস্কৃতি অবসানের সময় এসেছে এবং ক্যাম্পাসের ভেতরে ও বাইরে জাতীয়তাবাদ পুনরুজ্জীবিত করার অঙ্গীকার করেছেন তিনি।
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের প্রতিবাদ মিছিলের কঠোর সমালোচনা করেন তিনি।অপারেশন সিঁদুরের বিরুদ্ধে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একাংশের প্রতিবাদ মিছিলের সমালোচনায় তিনি বলেন, কাশ্মীর বা ফিলিস্তিনের স্বাধীনতার পক্ষে স্লোগান দেওয়ার আগে শিক্ষার্থীদের পাকিস্তানের আজাদ কাশ্মীরের স্বাধীনতা দাবি করা উচিত।
তিনি আরও উল্লেখ করেন যে ফিলিস্তিন নিয়ে কথা বলার আগে মুক্ত আজাদ কাশ্মীর নিয়ে স্লোগান দেওয়া উচিত এবং ভবিষ্যতে ওই অঞ্চল ফেরত নেওয়া হবে বলে তিনি মন্তব্য করেন। সাম্প্রতিক সময়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্রসংগঠনগুলোর মধ্যকার সংঘর্ষের পর এই মন্তব্য রাজনৈতিক মহলে আলোচনা তৈরি করেছে।
পশ্চিমবঙ্গের আগের রাজনৈতিক প্রশাসনের বিরুদ্ধে জাতীয়তাবাদ ও রাজ্যীয় ঐতিহ্যকে অবমূল্যায়নের অভিযোগ তুলে তিনি বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে দীর্ঘদিন ধরে নির্দিষ্ট মতাদর্শের প্রভাব ছিল। শিক্ষার্থীদের বাঙালি ও ভারতীয় সাংস্কৃতিক ঐতিহ্য থেকে দূরে সরিয়ে রাখার অভিযোগ এনে তিনি স্থানীয় সংস্কৃতি ও ঐতিহ্যের চর্চা বাড়ানোর ওপর জোর দেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন