আগস্ট ৩১, ২০২৬, ০২:৫৬ পিএম
সংযুক্ত আরব আমিরাতের আল মিনহাদ বিমানঘাঁটিতে থাকা মার্কিন সেনা ও হেলিকপ্টারকে লক্ষ্য করে বিস্ফোরক ড্রোন দিয়ে হামলা চালানোর দাবি করেছে ইরান। ইরানের দাবি, কয়েক ডজন ড্রোন ব্যবহার করে এই অভিযান চালানো হয়েছে। সম্প্রতি ইরানের লারাক দ্বীপে যুক্তরাষ্ট্রের হামলার জবাবে এই পাল্টা পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী।
আল মিনহাদ ঘাঁটিতে মার্কিন সামরিক সরঞ্জাম ও বিমান পরিবহন কেন্দ্র রয়েছে। ইরানি সংবাদমাধ্যমগুলোর বরাতে জানা গেছে, লারাক দ্বীপে মার্কিন হামলায় ইরানি রেভল্যুশনারি গার্ডের সদস্য ও বেসামরিক নাগরিক নিহত হওয়ার প্রতিক্রিয়ায় এই হামলা পরিচালিত হয়।
এর পাশাপাশি হরমুজ প্রণালির ওপর যুক্তরাষ্ট্রের একটি এমকিউ-নাইন রিপার ড্রোন ক্ষেপণাস্ত্র ছুড়ে ভূপাতিত করার দাবিও জানিয়েছে ইরানের রেভল্যুশনারি গার্ড। উপসাগরের পানিতে ড্রোনটি বিধ্বস্ত হয়েছে বলে জানানো হয়েছে।
এদিকে ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান জানিয়েছেন, তেহরান যুদ্ধ চায় না, তবে যেকোনো আগ্রাসনের মুখে তারা নীরব থাকবে না। আঞ্চলিক অস্থিতিশীলতা সবার জন্যই ক্ষতিকর বলে মন্তব্য করেন তিনি। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার এই পাল্টাপাল্টি হামলার ফলে মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে নতুন করে উত্তেজনার পারদ চড়েছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন