মঙ্গলবার, ০৬ অক্টোবর, ২০২৬,
কূটনৈতিক সংকট

ইসরায়েলি কূটনীতিকদের সপরিবারে বহিষ্কারের হুমকি যুক্তরাজ্যের

আন্তর্জাতিক ডেস্ক

অক্টোবর ৬, ২০২৬, ০২:০৬ পিএম

ইসরায়েলি কূটনীতিকদের সপরিবারে বহিষ্কারের হুমকি যুক্তরাজ্যের

পূর্ব জেরুজালেমে যুক্তরাজ্যের দূতাবাস বন্ধ করে দিলে লন্ডন থেকে ২৭ জন ইসরায়েলি কূটনীতিককে সপরিবারে বহিষ্কারের কড়া হুমকি দিয়েছে ব্রিটিশ সরকার। ইসরায়েল যদি সত্যিই তাদের সিদ্ধান্ত বাস্তবায়ন করে, তবে পাল্টা ব্যবস্থা হিসেবে এই পদক্ষেপ নেওয়া হবে বলে সাফ জানিয়ে দিয়েছে যুক্তরাজ্য।

এই চরম সতর্কবার্তা লিখিত আকারে ইসরায়েলকে দিয়েছে ব্রিটিশ সরকার। ইসরায়েলে নিযুক্ত যুক্তরাজ্যের রাষ্ট্রদূত সাইমন ওয়াল্টার্স গত সোমবার ইসরায়েলি কর্মকর্তাদের কাছে আনুষ্ঠানিকভাবে এই বার্তা পৌঁছে দিয়েছেন। এর আগে গত ৯ সেপ্টেম্বর এক সরকারি বিবৃতিতে ইসরায়েলের পক্ষ থেকে পূর্ব জেরুজালেমে ব্রিটেনের দূতাবাস বন্ধ করার আদেশের কথা জানানো হয়। সেই আদেশটি আগামী ৮ অক্টোবর থেকে কার্যকর হওয়ার কথা রয়েছে।

দূতাবাস বন্ধের আদেশ কার্যকর হওয়ার ঠিক দুদিন আগে লন্ডন এই বহিষ্কারের সতর্কবার্তা দিল। মূলত গত সেপ্টেম্বরে পশ্চিম তীরে বসতি স্থাপনকারী ইহুদিদের লক্ষ্য করে বাণিজ্য নিষেধাজ্ঞা দিয়েছিল যুক্তরাজ্য। এর প্রতিক্রিয়ায় ইসরায়েল ওই নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানায় এবং পূর্ব জেরুজালেমে যুক্তরাজ্যের দূতাবাস বন্ধ করে দেওয়ার ঘোষণা দেয়। ইসরায়েল শর্ত দিয়েছে, লন্ডন যদি নিষেধাজ্ঞার আদেশ প্রত্যাহার করে নেয়, তাহলে দূতাবাস বন্ধের আদেশও বাতিল করা হবে।

পূর্ব জেরুজালেম হলো প্রস্তাবিত ফিলিস্তিন রাষ্ট্রের রাজধানী, তবে ১৯৬৭ সাল থেকে জেরুজালেমের এই অংশটি ইসরায়েল দখল করে রেখেছে। বর্তমানে পূর্ব জেরুজালেমে অবস্থিত যুক্তরাজ্যের ওই দূতাবাসে ২৭ জন ব্রিটিশ কূটনীতিক কর্মরত রয়েছেন। এএফপি ও গালফ নিউজের তথ্যমতে, দূতাবাস বন্ধ ও বহিষ্কারের হুমকি নিয়ে দুই দেশের মধ্যকার এই কূটনৈতিক উত্তেজনা এখন চরম পর্যায়ে পৌঁছেছে।