আগস্ট ৩১, ২০২৬, ১০:১৯ পিএম
সাম্প্রতিক সময়ে ভূমধ্যসাগরীয় অঞ্চলে কৌশলগত প্রতিদ্বন্দ্বিতা বাড়ার মধ্যে তুরস্কের প্রভাব মোকাবিলায় গ্রিসের সঙ্গে সাড়ে তিন বিলিয়ন ডলারের বড় প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছে ইসরায়েল। সোমবার এই চুক্তির আওতায় তেল আবিবে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় ও গ্রিসের প্রতিনিধিরা স্বাক্ষর করেন। রয়টার্সের প্রতিবেদন সূত্রে এই তথ্য জানা গেছে।
গ্রিসের জন্য বহুস্তরীয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলবে ইসরায়েল। চুক্তির আওতায় ইসরায়েল গ্রিসের জন্য একটি বহুস্তরীয় সমন্বিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলবে। ‘অ্যাকিলিস শিল্ড’ নামের এই প্রকল্পের অধীনে ডেভিডস স্লিং, স্পাইডার এবং বারাক এমএক্সের মতো আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ করা হবে। এটি ইসরায়েল ও গ্রিসের সম্পর্কের ইতিহাসে সবচেয়ে বড় প্রতিরক্ষা রপ্তানি চুক্তি এবং ইসরায়েলের জন্যও অন্যতম বৃহৎ সামরিক চুক্তি।
এর আগে সৌদি আরব ও পাকিস্তানের সঙ্গে মিলে তুরস্ক একটি আঞ্চলিক সামরিক জোট গঠন করায় কৌশলগত ভারসাম্যে পরিবর্তন আসে। এর ধারাবাহিকতায় ইসরায়েল ও গ্রিস তাদের প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদার করল। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার বিরুদ্ধে কোনো দেশকে পূর্ণাঙ্গ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের ঘটনা এটিই প্রথম বলে জানিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয়।
পূর্ব ভূমধ্যসাগরের গুরুত্বপূর্ণ দুই অংশীদার দেশের মধ্যে এই চুক্তি স্বাক্ষরের ফলে আঞ্চলিক রাজনীতিতে নতুন সমীকরণের সৃষ্টি হয়েছে। চুক্তির অংশ হিসেবে গ্রিসের স্থানীয় শিল্পের সঙ্গে প্রযুক্তি হস্তান্তর ও প্রতিরক্ষা সহযোগিতা বৃদ্ধির বিষয়েও একমত হয়েছে দুই দেশ।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন