সেপ্টেম্বর ১২, ২০২৬, ০১:২৫ পিএম
ব্রিকসের সদস্যপদ চেয়ে আবেদন করার তিন বছর পার হলেও এই বহুপাক্ষিক সংস্থায় যুক্ত হতে পারেনি পাকিস্তান। শনিবার (১২ সেপ্টেম্বর) ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে জোটটির ১৮তম শীর্ষ সম্মেলন। সম্মেলনে অংশ নিতে এরই মধ্যে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান নয়াদিল্লিতে উপস্থিত হয়েছেন।
২০২৩ সালের নভেম্বরে পাকিস্তান পররাষ্ট্র দপ্তর থেকে ব্রিকসে যোগ দিতে আনুষ্ঠানিক আবেদন জানানো হয়েছিল। ব্রাজিল, রাশিয়া, ভারত ও চীনকে নিয়ে ২০০৬ সালে ব্রিকস গঠিত হয় এবং ২০০৯ সালে রাশিয়ায় সংস্থাটির প্রথম আনুষ্ঠানিক সম্মেলন অনুষ্ঠিত হয়। ২০১১ সালে দক্ষিণ আফ্রিকার অন্তর্ভুক্তির পর পর্যায়ক্রমে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, মিশর, ইথিওপিয়া ও ইরান এই জোটে যোগ দেয় এবং ২০২৫ সাল থেকে ইন্দোনেশিয়াও এর পূর্ণ সদস্য হিসেবে যুক্ত হয়।
চীন ও রাশিয়ার সঙ্গে ইসলামাবাদের সুসম্পর্ক এবং আন্তর্জাতিক বিভিন্ন বিতর্কে বেইজিংয়ের জোরালো সমর্থন থাকা সত্ত্বেও পাকিস্তানের আবেদন ঝুলে রয়েছে। জোটে কোনো নতুন রাষ্ট্রকে যুক্ত করার ক্ষেত্রে প্রতিষ্ঠাতা চার সদস্যের সর্বসম্মত সম্মতি আবশ্যক। কোনো একটি সদস্য দেশের অমত থাকলে সদস্যপদ দেওয়া সম্ভব হয় না।
পাকিস্তানকে যুক্ত না করার পেছনে ভারতের অঘোষিত আপত্তির ভূমিকা রয়েছে বলে সংশ্লিষ্ট কূটনৈতিক সূত্রগুলো মনে করছে। ভারত আনুষ্ঠানিকভাবে পাকিস্তানের আবেদনের ওপর কোনো মন্তব্য করেনি। তবে প্রতিষ্ঠাতা সদস্য দেশগুলোর মধ্যে কেবল ভারতের সঙ্গেই ইসলামাবাদের সংঘাতপূর্ণ দ্বিপাক্ষিক সম্পর্ক বিদ্যমান।
অর্থনৈতিক সুবিধার লক্ষ্যে এই জোটে যোগ দিতে মরিয়া ইসলামাবাদ। বিশ্বব্যাংকের ওপর নির্ভরতা কমাতে সম্প্রতি ব্রিকস-সমর্থিত নিউ ডেভেলপমেন্ট ব্যাংকে ৫৮ কোটি ডলারের শেয়ার কিনেছে পাকিস্তান। অন্য প্রান্তে ব্রিকসভুক্ত দেশগুলোর সঙ্গে ভারতের বাণিজ্যিক সম্প্রসারণ লক্ষণীয়ভাবে বেড়েছে। ২০২০-২১ থেকে ২০২৫-২৬ অর্থবছর পর্যন্ত ব্রিকস দেশগুলোতে ভারতের পণ্য রপ্তানি ৪৮ দশমিক ৮ শতাংশ এবং আমদানি ১৩১ দশমিক ৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন