বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

পশ্চিমবঙ্গকে ‘বৃহত্তর বাংলাদেশ’ বানাতে চেয়েছিল তৃণমূল

আন্তর্জাতিক ডেস্ক

সেপ্টেম্বর ১৩, ২০২৬, ১১:১২ এএম

পশ্চিমবঙ্গকে ‘বৃহত্তর বাংলাদেশ’ বানাতে চেয়েছিল তৃণমূল

ছবি: সংগৃহীত

ভারতের পশ্চিমবঙ্গের পূর্ববর্তী বাম ও তৃণমূল কংগ্রেস সরকারের বিরুদ্ধে রাজ্যের ঐতিহ্য ও সংস্কৃতি ধ্বংসের চেষ্টার তীব্র অভিযোগ তুলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শনিবার কলকাতার কেষ্টপুর এলাকায় একটি ধর্মীয় মণ্ডপ উদ্বোধনকালে তিনি দাবি করেন, অতীতের শাসকগোষ্ঠী দীর্ঘদিন ধরে বাংলার সামাজিক স্বকীয়তা দমিয়ে রাখার নীতি অনুসরণ করেছিল। তার দাবি অনুযায়ী, দীর্ঘ শাসনকালে ধর্মকে আফিম হিসেবে দেখার পাশাপাশি ভৌগোলিক ও রাজনৈতিক পরিচয়কে অন্য রূপ দেওয়ার চেষ্টা চালানো হয়।

বিগত ৪৯ বছরের শাসনকাল নিয়ে সরাসরি তোপ দাগেন তিনি। রাজনৈতিক প্রেক্ষাপট ব্যাখ্যা করতে গিয়ে তিনি উল্লেখ করেন, রাজ্যের ৩৪ বছরের বাম শাসন এবং পরবর্তী ১৫ বছরের তৃণমূল শাসনামলে বাংলার ঐতিহ্যিক শিকড় পরিকল্পিতভাবে মুছে ফেলার চেষ্টা হয়েছিল। তিনি অভিযোগ করেন, কমিউনিস্ট শাসনামলে পূজা মণ্ডপের পাশের বইয়ের দোকানে কার্ল মার্কস কিংবা ভ্লাদিমির লেনিনের রাজনৈতিক সাহিত্য বিক্রি হলেও সেখানে আধ্যাত্মিক বা ঐতিহ্যবাহী গ্রন্থ রাখার কোনো সুযোগ দেওয়া হতো না। তারা প্রকাশ্যে ধর্মে অবিশ্বাসের বার্তা ছড়িয়ে সামাজিক বিশ্বাসে আঘাত হেনেছিল বলে তিনি দাবি করেন।

পরবর্তী শাসনামলের নীতি নিয়েও জোরালো সমালোচনা করা হয়। তৃণমূলের ১৫ বছরের শাসনকাল প্রসঙ্গে তিনি অভিযোগ করেন, সেই সময়কালে বাংলাকে রাজনৈতিকভাবে পরিবর্তনের চেষ্টা চালানো হয়েছিল। এর উদাহরণ হিসেবে তিনি অতীতে প্রতিমা বিসর্জনের সময়সূচি পরিবর্তনের প্রসঙ্গটি উল্লেখ করেন। 

তার দাবি, প্রশাসনিক বৈঠকে মহরমের কারণ দেখিয়ে বিজয়া দশমীর চিরাচরিত বিসর্জনের রীতিতে হস্তক্ষেপ করা হয়েছিল, যা ধর্মীয় পঞ্জিকা ও পরম্পরার স্পষ্ট লঙ্ঘন ছিল। তিনি আরও দাবি করেন, রাজ্যে দীর্ঘ সময় ধরে ঐতিহ্যগত বিশ্বাস ও সংস্কৃতিকে বদলে দেওয়ার যে ধারাবাহিক অপচেষ্টা চলেছিল, বর্তমান প্রশাসন তা প্রতিহত করে পূর্বের সাংস্কৃতিক পরম্পরা ফিরিয়ে আনার লক্ষ্যে কাজ করছে।

তথ্যসূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস