সেপ্টেম্বর ১৩, ২০২৬, ০৭:১৮ পিএম
ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ড্রোন হামলায় সৌদি আরবের লোহিত সাগরগামী প্রধান পূর্ব-পশ্চিম তেল পাইপলাইনটি বন্ধ হয়ে গেছে। আগামী কয়েক দিনের মধ্যে এটি সচল করা সম্ভব না হলে দেশটির রপ্তানিযোগ্য তেলের মজুত সম্পূর্ণ ফুরিয়ে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে। এর ফলে বিশ্ববাজারে দৈনিক তেল সরবরাহে ৪ শতাংশ ঘাটতির চরম ঝুঁকি তৈরি হয়েছে বলে সতর্ক করেছেন আন্তর্জাতিক ব্যবসায়ীরা।
রোববার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, এই সরবরাহ ঘাটতি বৈশ্বিক জ্বালানি সংকটকে আরও ভয়াবহ করে তুলবে। বিশ্বজুড়ে জ্বালানির দাম ইতোমধ্যে রেকর্ড ছুঁয়েছে, মূল্যস্ফীতি বেড়েছে এবং মার্কিন বন্ডের সুদের হার ২০০৮ সালের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।
শুক্রবার ড্রোন হামলার পর বাধ্য হয়ে পাইপলাইনের কার্যক্রম বন্ধ করে দেয় সৌদি কর্তৃপক্ষ। তবে ক্ষতির পরিমাণ বা মেরামত সময় নিয়ে রিয়াদ এখনও আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি। রয়টার্সকে দেওয়া তথ্যে একটি সূত্র জানিয়েছে, মেরামত কাজে পাঁচ থেকে ছয় সপ্তাহ পর্যন্ত সময় লাগতে পারে। অন্যদিকে আরেকটি সূত্রের দাবি, কাজ চলাকালীন আংশিকভাবে তেল পাম্পিং দ্রুতই শুরু করা সম্ভব।
ইয়ানবু বন্দরের বর্তমান মজুত দিয়ে মাত্র পাঁচ থেকে সাত দিনের রপ্তানি সচল রাখা সম্ভব। যুদ্ধ পরিস্থিতির কারণে হরমুজ প্রণালি অবরুদ্ধ থাকায় গত ছয় মাস ধরে সৌদি আরব এই বিকল্প পাইপলাইন দিয়ে দৈনিক ৪০ লাখ ব্যারেল তেল ইয়ানবু বন্দরে পাঠাচ্ছিল, যার ধারণক্ষমতা সাড়ে তিন কোটি ব্যারেল। এছাড়া লোহিত সাগরের মিসরীয় বন্দর আইন সুখনা এবং ভূমধ্যসাগরের সিদি কেরিরে যথাক্রমে এক কোটি ৮০ লাখ ও দুই কোটি ব্যারেলের মজুত সক্ষমতা রয়েছে। তবে শিল্প সূত্রগুলো জানিয়েছে, এসব কেন্দ্র পুরোপুরি পূর্ণ নেই এবং পাইপলাইন চালু না হলে এই সীমিত মজুতও খুব দ্রুত শেষ হয়ে যাবে।
ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সির (আইইএ) তথ্য অনুযায়ী, লোহিত সাগর ও হরমুজ প্রণালিতে সংকটের কারণে গত আগস্টে সৌদির তেল সরবরাহ তিন দশকের মধ্যে সর্বনিম্নে নেমেছে। সংস্থাটির আশঙ্কা, চলতি বছর বিশ্বব্যাপী তেল সরবরাহ দিনে ৫৭ লাখ ব্যারেল বা ৬ শতাংশ কমে যাবে। যুদ্ধ শুরুর আগে মধ্যপ্রাচ্য থেকে প্রতিদিন দুই কোটি ২০ লাখ ব্যারেল তেল সরবরাহ হলেও এখন হরমুজ প্রণালি দিয়ে তা ৬০ থেকে ৯০ লাখ ব্যারেলে নেমেছে। শুক্রবার লোহিত সাগরের প্রবেশমুখে একটি দ্বীপ দখলে নিয়ে সৌদি তেলবাহী জাহাজে হামলার হুমকি দিয়েছে হুথিরা। গত সপ্তাহে সৌদি আরব ওপেককে জানিয়েছে, গত ফেব্রুয়ারিতে তাদের দৈনিক উৎপাদন এক কোটি ৯ লাখ ব্যারেল থাকলেও আগস্টে তা নাটকীয়ভাবে কমে ৬২ লাখ ব্যারেলে দাঁড়িয়েছে।
তথ্যসূত্র: রয়টার্স

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন