মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬,
পশ্চিমবঙ্গ

মাদক বহনের চেয়েও গরুর মাংস বহন এখন বেশি ঝুঁকিপূর্ণ

আন্তর্জাতিক ডেস্ক

সেপ্টেম্বর ১৫, ২০২৬, ০৮:২৭ পিএম

মাদক বহনের চেয়েও গরুর মাংস বহন এখন বেশি ঝুঁকিপূর্ণ

ছবি: সংগৃহীত

গরু জবাইয়ে কড়াকড়িতে ভারতের পশ্চিমবঙ্গে গরুর মাংসের বাজারে নজিরবিহীন সংকট দেখা দিয়েছে। রাজ্যে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) সরকার গঠনের পর গবাদি পশু জবাইয়ের ওপর নতুন বিধিনিষেধ আরোপ করায় রাজধানী কলকাতাসহ বিভিন্ন জেলায় সরবরাহে তীব্র টান পড়েছে। সরবরাহ সংকটের কারণে বাজারে বিক্রি নেমে এসেছে অর্ধেকে। গত মে মাসে দীর্ঘ দেড় দশকের তৃণমূল কংগ্রেস শাসনের অবসান ঘটিয়ে ক্ষমতায় আসে বিজেপি। শপথ গ্রহণের মাত্র চার দিনের মাথায়, গত ১৩ মে রাজ্য সরকার ১৯৫০ সালের পশ্চিমবঙ্গ পশু জবাই নিয়ন্ত্রণ আইন কঠোরভাবে কার্যকরের নির্দেশিকা জারি করে। 

নতুন আইন অনুযায়ী, যেকোনো গবাদি পশু জবাইয়ের আগে সরকারি পশু চিকিৎসকের কাছ থেকে উপযুক্ততার সনদ বা ‘ফিটনেস সার্টিফিকেট’ গ্রহণ বাধ্যতামূলক করা হয়েছে। নির্দেশিকায় শর্ত দেওয়া হয়েছে যে, কেবল ১৪ বছরের বেশি বয়সী এবং বার্ধক্য, জটিল রোগ বা স্থায়ী শারীরিক আঘাতের কারণে শ্রমের অযোগ্য পশুই এই সনদ পাবে এবং সেগুলোকে শুধুমাত্র সরকার নির্ধারিত কসাইখানায় জবাই করতে হবে। প্রশাসনিক এই আদেশের পরপরই বিপাকে পড়েছেন প্রান্তিক মাংস ব্যবসায়ীরা।

শহরের মাংস সরবরাহের প্রধান কেন্দ্র কলকাতার ট্যাংরায় অবস্থিত একমাত্র পুরসভা-চালিত কসাইখানাটি গত তিন মাসেরও বেশি সময় ধরে সম্পূর্ণ বন্ধ রয়েছে। এর সাথে যুক্ত হয়েছে ব্যবসায়িক লাইসেন্স নবায়ন সংক্রান্ত আমলাতান্ত্রিক অচলাবস্থা। গত জুনে কলকাতার তৎকালীন মেয়র ফিরহাদ হাকিম পদত্যাগ করার পর পুরবোর্ড ভেঙে যাওয়ায় খুচরা বিক্রেতারা তাদের বার্ষিক ব্যবসার অনুমতি নবায়ন করতে পারছেন না। ফলে সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়ার পাশাপাশি ব্যবসায়ীদের ওপর আইনি হয়রানির শঙ্কা তৈরি হয়েছে।

বাজারে জোগান কমে যাওয়ায় পণ্যটির দাম বেড়ে প্রায় দ্বিগুণ হয়েছে। মে মাসের আগে কলকাতায় প্রতি কেজি গরুর মাংস ২০০ থেকে ২৫০ টাকায় বিক্রি হলেও বর্তমানে তা বেড়ে ৩৫০ থেকে ৫০০ টাকায় গিয়ে ঠেকেছে। মাংস ব্যবসায়ী আলফাজ লায়েক পরিস্থিতির ভয়াবহতা তুলে ধরে জানান, বর্তমান শাসনব্যবস্থায় মাদকের চেয়েও গরুর মাংস পরিবহন করা অধিক ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। পুলিশ ও স্থানীয় বিভিন্ন সংগঠনের ধারাবাহিক হয়রানির ভয়ে তিনি নিজেই পশুর কারবার গুটিয়ে নিয়েছেন। বিক্রি অর্ধেকে নেমে আসায় সাধারণ ব্যবসায়ীদের টিকে থাকা কঠিন হয়ে পড়েছে।

এই ঘাটতির প্রত্যক্ষ প্রভাব পড়েছে কলকাতার ঐতিহ্যবাহী রেস্তোরাঁ ব্যবসায়। মাংসের গুণমান ধরে রাখতে না পেরে শহরের জনপ্রিয় ‘জম জম’ রেস্তোরাঁ তাদের তিনটি শাখাতেই বিফের সব পদ বিক্রি বন্ধের ঘোষণা দিয়েছে, যার ফলে প্রতিষ্ঠানটির মোট আর্থিক ক্ষতি দাঁড়িয়েছে প্রায় ৪০ শতাংশ। একইভাবে পার্ক স্ট্রিটের শতবর্ষী ‘অলি পাব’-এর ঐতিহ্যবাহী বিফ স্টেকও এখন নিয়মিত পাওয়া যাচ্ছে না। কলকাতার বাইরে বারুইপুরের মতো শহরতলিতে সকাল ১১টার আগেই মাংস শেষ হয়ে যাচ্ছে।

অন্যদিকে মালদহের মতো জনবহুল এলাকাগুলোতে প্রশাসনিক নজরদারি ও সম্ভাব্য হামলার ভয়ে রাতের অন্ধকারে অত্যন্ত গোপনে পরিচিত ক্রেতাদের কাছে মাংস বিক্রি করতে বাধ্য হচ্ছেন বিক্রেতারা। পুরসভা ও প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মধ্যকার সমন্বয়হীনতা সংকটকে আরও জটিল করে তুলেছে। ঐতিহাসিকভাবে রাজ্যের মুসলিম, খ্রিস্টান, দলিত ও আদিবাসী জনগোষ্ঠীর প্রধান খাদ্যতালিকায় থাকা পণ্যটি হঠাৎ দুষ্প্রাপ্য হয়ে ওঠায় খাদ্য নিরাপত্তায় বড় ধরনের প্রভাব পড়ছে বলে মনে করছেন বাজার পর্যবেক্ষকরা।