বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬,

যুক্তরাষ্ট্রে হামের প্রকোপে চারজনের প্রাণহানি

আন্তর্জাতিক ডেস্ক

সেপ্টেম্বর ১৬, ২০২৬, ১২:২৭ পিএম

যুক্তরাষ্ট্রে হামের প্রকোপে চারজনের প্রাণহানি

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় হামের মারাত্মক প্রাদুর্ভাবে চারজনের মৃত্যু হয়েছে। স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, রাজ্যটিতে ইতোমধ্যে এই সংক্রামক ভাইরাসে আক্রান্ত হয়েছেন ছয় শতাধিক ব্যক্তি, যার একটি বড় অংশ ল্যাঙ্কাস্টার কাউন্টির বাসিন্দা। মিফ্লিন কাউন্টির করোনার কার্যালয় নিশ্চিত করেছে, সম্প্রতি ১৮ বছর বয়সী এক তরুণ হামের বিরল ও মারাত্মক স্নায়বিক জটিলতা অ্যাকিউট এনসেফালোমাইলাইটিসে আক্রান্ত হয়ে মারা যান। চলতি বছর দেশটি ১৯৯০-এর দশকের পর হামে সর্বোচ্চ প্রাণহানি দেখল।

টিকা কর্মসূচির মাধ্যমে ২০০০ সালে যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে হাম নির্মূল ঘোষণা করেছিল। তবে সাম্প্রতিক বছরগুলোতে টিকা গ্রহণের হার কমে যাওয়ায় নতুন করে এই রোগের বিস্তার ঘটছে। পেনসিলভানিয়া রাজ্য প্রশাসন জানিয়েছে, গত মাসে মারা যাওয়া ১৮ বছর এবং ৪০ বছর বয়সী দুজন নাগরিকের কেউই টিকা নেননি। এছাড়া মারা যাওয়া বাকি দুজন ছিল নবজাতক শিশু, যাদের বয়স প্রচলিত নিয়মে প্রথম এমএমআর টিকা পাওয়ার নির্ধারিত ১২ মাস পূর্ণ হওয়ার অনেক আগেই ছিল। এর আগে গত বছর টেক্সাসে মেনোনাইট সম্প্রদায়ের ভেতরে এই ভাইরাসের প্রাদুর্ভাবে দুই শিশুসহ তিনজনের প্রাণহানি ঘটেছিল।

চিকিৎসাবিজ্ঞানীদের মতে, শরীরে লাল ফুসকুড়ি তৈরি করা অত্যন্ত সংক্রামক এই রোগটি স্মৃতিশক্তি লোপ কিংবা মস্তিষ্কে দীর্ঘমেয়াদী জটিলতা সৃষ্টি করতে পারে। সমাজের সার্বিক সুরক্ষায় অন্তত ৯৫ শতাংশ জনগোষ্ঠীর মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা থাকা প্রয়োজন হলেও টিকাদানের ঘাটতি সংকটকে তীব্র করেছে। এই পরিস্থিতি নিয়ে ডেমোক্রেটিক গভর্নর জশ শাপিরো সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করে বলেছেন, কয়েক দশক আগে নির্মূল হওয়া একটি রোগ কেবল কম টিকাদানের কারণে আবারও ফিরে এসেছে। এই ঘটনাকে কেন্দ্র করে দেশটির স্বাস্থ্য সচিব রবার্ট এফ কেনেডি জুনিয়রের সঙ্গে গভর্নরের তীব্র বিরোধ দেখা দিয়েছে।

গভর্নর অভিযোগ তুলেছেন যে স্বাস্থ্য সচিব টিকা নিয়ে ভুল তথ্য প্রচার করছেন। বিপরীতে কেনেডি প্রশ্ন তুলেছেন, মৃত শিশুদের প্রাণহানি সত্যিই হামের কারণে হয়েছিল কি না। জেফারসন কাউন্টির ময়নাতদন্ত প্রতিবেদনে জানানো হয়েছে, ৪০ বছর বয়সী এক নারীর হামজনিত জটিলতায় শ্বাসপ্রশ্বাস বন্ধ হয়ে মৃত্যু হয়। এছাড়া ল্যাঙ্কাস্টার কাউন্টির করোনার স্টিভেন ডায়ামান্টোনি জানান, গত ১৮ আগস্ট জিনগত রোগে ভোগা ছয় সপ্তাহের এক শিশু এবং ১৪ আগস্ট জন্মের পরপরই প্লীহা ক্ষতিগ্রস্ত হয়ে অপর এক নবজাতক মারা যায়। চিকিৎসকরা নিশ্চিত করেছেন, হামের সংক্রমণের কারণে প্লীহা ফুলে ফেটে যাওয়ায় দ্বিতীয় শিশুটির মৃত্যু ঘটে।

পেনসিলভানিয়ার স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, ক্লিনিক্যাল প্রমাণ এবং ইতিবাচক ল্যাব পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হয়েই এসব মৃত্যুর কারণ হিসেবে হামকে তালিকাভুক্ত করা হয়েছে। বিশ্বজুড়ে হামের সংক্রমণ বাড়ায় যুক্তরাষ্ট্র তার হাম নির্মূলের আন্তর্জাতিক মর্যাদা হারাতে যাচ্ছে কি না, সে বিষয়ে আগামী নভেম্বরে একটি বিশেষজ্ঞ প্যানেল পর্যালোচনা করবে।

তথ্যসূত্র: বিবিসি বাংলা