বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬,

মক্কার নিরাপত্তায় সৌদি আরবের পাশে থাকার ঘোষণা মালয়েশিয়ার

আন্তর্জাতিক ডেস্ক

সেপ্টেম্বর ১৬, ২০২৬, ০৬:৫৩ পিএম

মক্কার নিরাপত্তায় সৌদি আরবের পাশে থাকার ঘোষণা মালয়েশিয়ার

ছবি: সংগৃহীত

সৌদি আরবের পবিত্র মক্কা নগরীর আকাশসীমা ও সার্বিক নিরাপত্তা রক্ষায় দেশটির পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছে মালয়েশিয়া। মঙ্গলবার দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এক আনুষ্ঠানিক বিবৃতিতে জানান, মক্কার কাছে একটি হুথি ড্রোন প্রতিহত করার ঘটনাটি গভীরভাবে পর্যবেক্ষণ করছে কুয়ালালামপুর। ইসলামের পবিত্রতম এই শহরের নিরাপত্তাকে হুমকির মুখে ফেলার যেকোনো অপচেষ্টা কোনোভাবেই মেনে নেওয়া যায় না বলে স্পষ্ট জানিয়েছেন তিনি।

পবিত্র নগরীর সুরক্ষায় যেকোনো হুমকি অগ্রহণযোগ্য বলে ঘোষণা দিয়েছেন আনোয়ার ইব্রাহিম। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত বিবৃতিতে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী উল্লেখ করেন, যেকোনো আঞ্চলিক সংকটে তাঁর দেশ সরাসরি সৌদি আরব সরকারের পাশে রয়েছে। একই সাথে মক্কার স্থায়ী বাসিন্দা এবং বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা হজ ও ওমরাহ পালনকারী সাধারণ ধর্মপ্রাণ মানুষের জানমালের সুরক্ষায় সৌদি কর্তৃপক্ষের দ্রুত ও সময়োচিত সামরিক পদক্ষেপকে তিনি আন্তরিকভাবে স্বাগত জানান। তিনি স্মরণ করিয়ে দেন, এমন কোনো উসকানিমূলক কর্মকাণ্ডে কারো জড়ানো উচিত নয়, যা মধ্যপ্রাচ্য অঞ্চলের বিদ্যমান সামরিক উত্তেজনাকে আরও উসকে দিতে পারে।

জনবহুল এলাকা এবং বিশেষ করে ধর্মীয় পবিত্র স্থানগুলোকে লক্ষ্য করে পরিচালিত যেকোনো ধরনের সামরিক বা ড্রোন হামলা অবিলম্বে বন্ধ করার জন্য সব পক্ষের প্রতি জোর আহ্বান জানিয়েছেন আনোয়ার ইব্রাহিম। সংকট নিরসনে সামরিক সংঘাতের পরিবর্তে কালবিলম্ব না করে সংশ্লিষ্ট সব পক্ষকে পারস্পরিক কূটনৈতিক আলোচনার টেবিলে ফিরে আসার তাগিদ দেন তিনি।

তবে পবিত্র মক্কা নগরী কিংবা কোনো ইসলামি স্থাপনাকে লক্ষ্য করে ড্রোন বা ক্ষেপণাস্ত্র নিক্ষেপের অভিযোগ সরাসরি প্রত্যাখ্যান করেছে ইয়েমেনের হুথি যোদ্ধারা। গোষ্ঠীটির পক্ষ থেকে এই অভিযোগকে পুরোপুরি ভিত্তিহীন এবং একটি ‘ঘৃণ্য মিথ্যাচার’ হিসেবে আখ্যা দিয়ে দাবি করা হয়েছে যে তারা পবিত্র কোনো স্থানকে কখনোই সামরিক লক্ষ্যবস্তু বানায়নি।