বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬,

ইরানের শাসনব্যবস্থা উৎখাতের ঘোষণা নেতানিয়াহুর

আন্তর্জাতিক ডেস্ক

সেপ্টেম্বর ১৭, ২০২৬, ০৯:৫৮ পিএম

ইরানের শাসনব্যবস্থা উৎখাতের ঘোষণা নেতানিয়াহুর

ছবি: সংগৃহীত

ইরানের বর্তমান শাসনব্যবস্থাকে পরাজিত করে উৎখাত করা এবং হামাস ও হিজবুল্লাহকে সমূলে নির্মূল করার সরাসরি ঘোষণা দিয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দেশটির রাষ্ট্রপতির বাসভবনে অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা শিন বেতের একটি সম্মাননা অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এই হুঁশিয়ারি উচ্চারণ করেন। শিন বেতের নিরাপত্তা ভূমিকার ভূয়সী প্রশংসা করেন তিনি।

অনুষ্ঠানে ২০২৫ সালের দায়িত্ব পালনে বিশেষ অবদান রাখা নিরাপত্তা কর্মীদের পদক প্রদান করা হয়। এ সময় নেতানিয়াহু দাবি করেন, গাজা উপত্যকায় সামরিক অভিযানের গতিপ্রকৃতি বিশ্বকে বিস্মিত করছে। ২০২৩ সালের ৭ অক্টোবরের হামলায় অংশ নেওয়া ব্যক্তিদের উপযুক্ত জবাব দেওয়া হচ্ছে উল্লেখ করে তিনি জানান, অবশিষ্ট লক্ষ্যবস্তুগুলোর বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে এবং বর্তমানে তাদের প্রতিরোধ সক্ষমতা কমে এসেছে। কাউকে ছাড় না দেওয়ার যে বার্তা দেওয়া হয়েছিল, নিরাপত্তা বাহিনী বাস্তবে সেটিই করে দেখাচ্ছে বলে উল্লেখ করেন তিনি।

নেতানিয়াহু আরও মন্তব্য করেন, ইসরাইল রাষ্ট্রকে নিশ্চিহ্ন করে দেওয়ার যে আকঙ্ক্ষা তেহরান ও তাদের সহযোগী সশস্ত্র গোষ্ঠীগুলোর ছিল, তা পুরোপুরি বিলীন না হলেও আগের চেয়ে বহুলাংশে দুর্বল হয়ে পড়েছে। তিনি জোর দিয়ে বলেন, সবার আগে ইরানের বর্তমান শাসনব্যবস্থাকে উৎখাত করা হবে এবং এর পতন অবশ্যম্ভাবী। পাশাপাশি হামাসকে পুরোপুরি নির্মূল করা এবং হিজবুল্লাহর সামরিক শক্তি ধ্বংস করে তাদের পতন নিশ্চিত করার ব্যাপারে কোনো ছাড় দেওয়া হবে না বলে সাফ জানিয়ে দেন তিনি।