রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬,
মধ্যপ্রাচ্য উত্তেজনা

ইয়েমেন সংঘাতে পাকিস্তান ও তুরস্ককে না জড়াতে হুথিদের হুঁশিয়ার

আন্তর্জাতিক ডেস্ক

সেপ্টেম্বর ২০, ২০২৬, ১২:২০ পিএম

ইয়েমেন সংঘাতে পাকিস্তান ও তুরস্ককে না জড়াতে হুথিদের হুঁশিয়ার

ছবি: সংগৃহীত

ইয়েমেন সংঘাতে সামরিকভাবে জড়ালে পাকিস্তান ও তুরস্ককে কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে হুথি বিদ্রোহীরা। সৌদি আরবের সঙ্গে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে এই সতর্কবার্তা এসেছে। হুথিদের রাজনৈতিক ব্যুরোর সদস্য মোহাম্মদ আল-বুখাইতি ইরাকি টেলিভিশন অনুষ্ঠান অ্যানাদার রিডিংকে দেওয়া এক সাক্ষাৎকারে জানান, তুরস্ক ও পাকিস্তান এই সংঘাতে সামরিকভাবে যুক্ত হলে তাদের উপযুক্ত শিক্ষা দেওয়া হবে। তবে তিনি দাবি করেন, এই হুঁশিয়ারি দুই দেশের জনগণের বিরুদ্ধে নয়, বরং তাদের সরকারের বিরুদ্ধে দেওয়া হয়েছে।

সৌদি আরবের ওপর বিদ্রোহীদের অব্যাহত হামলার কারণে সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের মধ্যকার ‍‍`মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি‍‍`র বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে। ওই চুক্তির মূল শর্ত অনুযায়ী, কোনো একটি সদস্য দেশের ওপর হামলাকে সব সদস্য দেশের ওপর আক্রমণ হিসেবে বিবেচনা করার বাধ্যবাধকতা রয়েছে। এই চুক্তির আলোকেই তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান জানিয়েছেন, সৌদি আরবের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা গুরুতর হুমকির মুখে পড়লে জোটের অংশ হিসেবে তার দেশ প্রয়োজনীয় সামরিক ও কারিগরি সহায়তা দিতে প্রস্তুত রয়েছে। 

এ বিষয়ে পাকিস্তানের সঙ্গেও সমন্বয় ও আলোচনা করা হবে বলে জানান তিনি। অন্যদিকে পাকিস্তান শুরু থেকেই সৌদি আরবের ওপর হামলার নিন্দা জানিয়ে আসছে। দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ স্পষ্ট করেছেন, মক্কা ও মদিনার নিরাপত্তা রক্ষা করা পাকিস্তানের ধর্মীয় দায়িত্ব এবং এ ক্ষেত্রে কোনো লিখিত চুক্তির ওপর নির্ভর করার প্রয়োজন নেই।

একই সুরে পাকিস্তানের সামরিক মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরীও রিয়াদের নিরাপত্তার প্রতি তাদের নিঃশর্ত অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। তিনি জানান, হারামাইন শরিফাইন ও সৌদি রাজ্যের সুরক্ষার স্বার্থে প্রয়োজন হলে পাকিস্তান যেকোনো পর্যায়ে যেতে প্রস্তুত রয়েছে।