শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬,

স্কুলে বোরকা ও নেকাব পরা নিষিদ্ধ করল ইতালি

আন্তর্জাতিক ডেস্ক

সেপ্টেম্বর ২৫, ২০২৬, ১০:০১ এএম

স্কুলে বোরকা ও নেকাব পরা নিষিদ্ধ করল ইতালি

ছবি: সংগৃহীত

স্কুলে বোরকা ও নেকাব পরা নিষিদ্ধ করেছে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সরকার। একই সঙ্গে শ্রেণিকক্ষে বিদেশি শিক্ষার্থীর সংখ্যা ৩০ শতাংশে সীমিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দেশটির মন্ত্রিসভা বৃহস্পতিবার এ সংক্রান্ত একটি নতুন ডিক্রি-আইন অনুমোদন করেছে। নতুন এই নিয়ম লঙ্ঘন করলে সর্বোচ্চ এক হাজার ইউরো পর্যন্ত জরিমানা হতে পারে। আইনটি তাৎক্ষণিকভাবে কার্যকর করা হয়েছে। তবে এটি স্থায়ীভাবে বহাল রাখতে আগামী ৬০ দিনের মধ্যে ইতালির পার্লামেন্টে অনুমোদন নিতে হবে।

সরকারের এই পদক্ষেপের তীব্র সমালোচনা করেছে দেশটির শিক্ষক সংগঠন ও স্কুলপ্রধানদের সংগঠনগুলো। তাদের মতে, অংশীজনদের সাথে পর্যাপ্ত পরামর্শ এবং প্রয়োজনীয় সম্পদের ব্যবস্থা ছাড়া এই নিয়ম বাস্তবায়ন করা অসম্ভব। দেশটির প্রধান বিরোধী দল ডেমোক্রেটিক পার্টির নেতা এলি শ্লেইন এই সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছেন। তিনি বলেন, এটি সরকারি স্কুলের প্রকৃত সমস্যাগুলো আড়াল করার জন্য নেওয়া কেবলই একটি রাজনৈতিক উদ্যোগ।

দেশটির শিক্ষা মন্ত্রণালয়ের তথ্যমতে, ২০২২-২৩ শিক্ষাবর্ষে ইতালির স্কুলগুলোতে মোট বিদেশি নাগরিক শিক্ষার্থীর হার ছিল ১১ দশমিক ২ শতাংশ। অন্যদিকে যেসব শ্রেণিকক্ষে ৩০ শতাংশের বেশি বিদেশি শিক্ষার্থী রয়েছে, এমন ক্লাসের হার ছিল ৭ দশমিক ৬ শতাংশ।

তথ্যসূত্র: আল জাজিরা