বৃহস্পতিবার, ০১ অক্টোবর, ২০২৬,
মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

সময় ঘনিয়ে আসছে’, ইরানকে ‘উড়িয়ে দেয়ার’ হুমকি ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক

অক্টোবর ১, ২০২৬, ০৯:৫২ এএম

সময় ঘনিয়ে আসছে’, ইরানকে ‘উড়িয়ে দেয়ার’ হুমকি ট্রাম্পের

ছবি: সংগৃহীত

ইরানের সাথে নতুন কোনো কূটনৈতিক চুক্তি না হলে দেশটিকে পুরোপুরি ধ্বংস করে দেওয়ার চরম হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় বুধবার হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি বলেন, ইরানের সাথে একটি চুক্তিতে পৌঁছানো কিংবা দেশটিকে ধ্বংস করা—এই দুই পথের একটি বেছে নেওয়ার সময় দ্রুত ঘনিয়ে আসছে। কোনো একটি উপায়ে খুব শিগগিরই এই সংকটের সমাপ্তি টানা হবে বলেও মন্তব্য করেন তিনি।

চুক্তির সম্ভাবনা নিয়ে সিদ্ধান্ত নেওয়ার সময় ফুরিয়ে আসছে বলে জানান ট্রাম্প। সাংবাদিকদের প্রশ্নের জবাবে মার্কিন প্রেসিডেন্ট জানান, পরিস্থিতি এমন হতে পারে যেখানে দেশটিকে গুঁড়িয়ে দিতে হতে পারে এবং সেই কঠোর সিদ্ধান্ত নিজেদেরই নিতে হবে। একই সাথে তিনি দাবি করেন, কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির ওপর বর্তমানে যুক্তরাষ্ট্রের প্রায় পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয়েছে। 

হিস্পানিক হেরিটেজ মাস উপলক্ষে আয়োজিত আরেকটি অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি উল্লেখ করেন, গত তিন দিনে হরমুজ প্রণালি দিয়ে ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে বেশি পরিমাণ তেল পরিবাহিত হয়েছে। বক্তব্যে ইরানের সামরিক সক্ষমতা নিয়েও তীব্র মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি দাবি করেন ইরানের সামরিক বাহিনী ইতিমধ্যে পুরোপুরি ধ্বংস হয়ে গেছে এবং যেকোনো একটি উপায়ে এই সংঘাতে খুব দ্রুত বিজয় অর্জন করতে যাচ্ছে ওয়াশিংটন। 

চলতি বছরের ফেব্রুয়ারি মাসে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযান শুরুর পর তেহরানও ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন লক্ষ্যবস্তুতে পাল্টা আঘাত হানে। পরবর্তীতে এপ্রিল মাসে একটি যুদ্ধবিরতি কার্যকর হয় এবং জুন মাসে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের স্বাধীনতা নিশ্চিতে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। তবে সমুদ্রপথটির সামগ্রিক নিরাপত্তা নিশ্চিতের শর্তাবলী নিয়ে দুই পক্ষের মতবিরোধের কারণে সেই সমঝোতার বাস্তবায়ন আটকে রয়েছে।