সেপ্টেম্বর ৫, ২০২৫, ১০:০৭ এএম
ইরানের খাতাম আল-আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্সের কমান্ডার মেজর জেনারেল আবদুল্লাহি ঘোষণা করেছেন যে, দেশটির সশস্ত্র বাহিনী এখন সম্পূর্ণ প্রস্তুত। বৃহস্পতিবার সাবেক টুইটার প্ল্যাটফর্ম 'এক্স'-এ দেওয়া এক বার্তায় তিনি এই ঘোষণা দেন। মেজর জেনারেল আবদুল্লাহি বলেন, সম্প্রতি চাপিয়ে দেওয়া ১২ দিনের যুদ্ধে জায়নিস্ট শত্রু এবং যুক্তরাষ্ট্রকে তাদের বৈরী লক্ষ্য অর্জনে ব্যর্থ করেছে ইরান। তিনি এই সাফল্যকে ইরানিদের ঐক্যের ফল বলে অভিহিত করেন।
আবদুল্লাহি জোর দিয়ে বলেন, সশস্ত্র বাহিনী সবসময় দেশের নিরাপত্তা, জাতীয় স্বার্থ এবং ইসলামী বিপ্লবের অর্জন রক্ষায় সম্পূর্ণ প্রস্তুত। তিনি জানান, সাম্প্রতিক যুদ্ধের পর ইরানের সামরিক বাহিনী আগের চেয়ে আরও বেশি সক্ষমতা অর্জন করেছে এবং আরও বেশি প্রস্তুত। তিনি আরও উল্লেখ করেন যে, শত্রুরা এখন দেশের ভেতরে মনস্তাত্ত্বিক এবং গণমাধ্যম যুদ্ধ চালিয়ে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে, অথচ তারা নিজেরাই অভ্যন্তরীণ, আঞ্চলিক এবং আন্তর্জাতিক পর্যায়ে গুরুতর সমস্যার মুখোমুখি।
গত ১৩ জুন ইসরায়েল কোনো উস্কানি ছাড়াই ইরানের বিরুদ্ধে আগ্রাসন চালালে বহু উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা, পারমাণবিক বিজ্ঞানী এবং সাধারণ নাগরিক নিহত হন। এর জবাবে ইসলামি বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি)-এর নেতৃত্বে ইরানি সশস্ত্র বাহিনী 'অপারেশন ট্রু প্রমিজ-৩' নামে এক শক্তিশালী ও নজিরবিহীন পাল্টা অভিযান পরিচালনা করে। এই অভিযানে প্রথমবারের মতো ইরানে তৈরি নতুন প্রজন্মের অনেক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়। শত শত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ভেদ করে গুরুত্বপূর্ণ সামরিক ও গোয়েন্দা ঘাঁটিতে আঘাত হানে। অবশেষে, আন্তর্জাতিক মহলে চাপের মুখে এবং অনেকটা বিচ্ছিন্ন হয়ে, ইসরায়েল একতরফাভাবে আগ্রাসন বন্ধের ঘোষণা দেয়, যা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাদের হয়ে ঘোষণা করেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন