সেপ্টেম্বর ২১, ২০২৫, ১১:২৪ এএম
জাতিসংঘ সাধারণ পরিষদের গুরুত্বপূর্ণ বৈঠকের আগে আজ রোববার ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিতে যাচ্ছে যুক্তরাজ্য ও পর্তুগাল। এই পদক্ষেপের মাধ্যমে গাজা ইস্যুতে ইসরায়েলের ওপর কূটনৈতিক চাপ বাড়ানো হচ্ছে বলে ধারণা করা হচ্ছে।
বিবিসি জানিয়েছে, ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার আজই এই ঘোষণা দেবেন। তিনি এর আগে বলেছিলেন, ইসরায়েল যদি গাজায় যুদ্ধবিরতির জন্য কোনো 'গুরুত্বপূর্ণ পদক্ষেপ' না নেয়, তবে যুক্তরাজ্য ফিলিস্তিনকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেবে।
অন্যদিকে, পর্তুগালের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, গাজার 'অত্যন্ত উদ্বেগজনক পরিস্থিতি' এবং ইসরায়েলের ফিলিস্তিনি ভূমি দখলের হুমকির কারণেই তারা ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করে এটিকে 'সন্ত্রাসবাদকে পুরস্কৃত করার শামিল' বলে অভিহিত করেছেন। তবে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেন, ইসরায়েলের প্রতিশোধের আশঙ্কায় বিশ্বকে 'ভয় পাওয়া ঠিক হবে না'।
এএফপির প্রতিবেদন অনুযায়ী, ইসরায়েল এখনো গাজায় ব্যাপক বোমাবর্ষণ চালিয়ে যাচ্ছে, যার ফলে মানবিক বিপর্যয় দেখা দিয়েছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এ পর্যন্ত ৬৫ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। জাতিসংঘ-সমর্থিত এক জরিপে গাজার একটি অংশে দুর্ভিক্ষের ঘোষণা দেওয়া হয়েছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন