বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

ভারতের আসল শত্রু কে, জানালেন নরেন্দ্র মোদি

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ২১, ২০২৫, ১০:২৫ পিএম

ভারতের আসল শত্রু কে, জানালেন নরেন্দ্র মোদি

ছবি - সংগৃহীত

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, ভারতের প্রকৃত শত্রু কোনো দেশ নয়, বরং বিদেশি শক্তির ওপর নির্ভরশীলতা। গুজরাটে একটি সামুদ্রিক প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। প্রায় ৪০ বিলিয়ন ডলারের এই প্রকল্প উদ্বোধনকালে মোদি বলেন যে ভারত এখন "বিশ্ববন্ধু" হওয়ার মানসিকতা নিয়ে এগিয়ে যাচ্ছে এবং কোনো বড় শত্রু নেই।

মোদি জোর দিয়ে বলেন, সমৃদ্ধি, শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করতে হলে দেশকে অবশ্যই আত্মনির্ভরশীল হতে হবে। তিনি সতর্ক করে বলেন যে, অন্যের দয়ার ওপর নির্ভর করলে ভারতের আত্মসম্মান ক্ষুণ্ন হবে এবং ভবিষ্যৎ প্রজন্ম ঝুঁকির মুখে পড়বে।

মোদি দেশের সামুদ্রিক খাতের গুরুত্ব তুলে ধরে দেশীয় জাহাজ নির্মাণ-শিল্প ও হাই-টেক খাতকে পুনরুজ্জীবিত করার আহ্বান জানান। তিনি বলেন, পাঁচ দশক আগে ভারতের বিদেশি বাণিজ্যের প্রায় ৪০ শতাংশ দেশীয় জাহাজ বহন করত, যা এখন কমে মাত্র ৫ শতাংশে দাঁড়িয়েছে।

এই বৈদেশিক নির্ভরশীলতার কারণে প্রতি বছর বিদেশি শিপিং কোম্পানিগুলোকে যে পরিমাণ অর্থ দিতে হয়, তা এখন ভারতের প্রতিরক্ষা বাজেটের প্রায় সমান। এই পরিস্থিতি দেশের অর্থনীতিকে মারাত্মক ক্ষতির মুখে ফেলেছে।মোদি বলেন, "চিপস হোক কিংবা শিপস—আমাদের ভারতেই তৈরি করতে হবে।"

যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের ক্রমবর্ধমান বাণিজ্য উত্তেজনার প্রেক্ষাপটে তার এই মন্তব্য তাৎপর্যপূর্ণ। সম্প্রতি রাশিয়া থেকে তেল কেনার অভিযোগে ওয়াশিংটন ভারতীয় পণ্যের ওপর অতিরিক্ত শুল্ক আরোপ করেছে এবং এইচ-১বি ভিসার ফি বাড়িয়েছে, যা ভারতীয় দক্ষ কর্মীদের লক্ষ্য করে করা হয়েছে বলে মনে করা হচ্ছে।