রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

আল আকসা মসজিদে ঢুকে ইসরায়েলিদের গান-নৃত্য

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ২২, ২০২৫, ০৬:১৬ পিএম

আল আকসা মসজিদে ঢুকে ইসরায়েলিদের গান-নৃত্য

ছবি - সংগৃহীত

অধিকৃত পূর্ব জেরুজালেমের আল-আকসা মসজিদ প্রাঙ্গণে আবারও ইসরায়েলি বসতকারীদের হামলা ও উসকানিমূলক কর্মকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার (২১ সেপ্টেম্বর, ২০২৫) শতাধিক ইসরায়েলি বসতকারী দলে দলে মসজিদ প্রাঙ্গণে প্রবেশ করে ইহুদি ধর্মীয় আচার পালন, গান এবং নৃত্য করে। তুর্কি সংবাদমাধ্যম আনাদোলুর এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

হিব্রু ভাষার সংবাদমাধ্যম স্রুগিম জানিয়েছে, এই কর্মকাণ্ডের নেতৃত্ব দেন ইসরায়েলি পার্লামেন্টের কট্টর-ডানপন্থী সাবেক সদস্য ইয়েহুদা গ্লিক। তিনি দীর্ঘদিন ধরে আল-আকসায় ইহুদিদের প্রবেশের অধিকারের পক্ষে প্রচারণা চালিয়ে আসছেন। এই বসতকারীরা নিহত মার্কিন ডানপন্থী কর্মী চার্লি কার্কের জন্য বিশেষ প্রার্থনা অনুষ্ঠানও আয়োজন করে।

ফিলিস্তিনি সরকারি সংবাদমাধ্যম ওয়াফা জানিয়েছে, আসন্ন ইহুদি নববর্ষকে কেন্দ্র করে কট্টর-ডানপন্থী বসতকারীরা বড় আকারে হামলার প্রস্তুতি নিচ্ছে। শনিবার ইসরায়েলি সেনাবাহিনীও জানিয়েছিল, ইহুদি ধর্মীয় উৎসব সামনে রেখে অধিকৃত পশ্চিম তীরে অতিরিক্ত সেনা মোতায়েন করা হবে।

ইসলামের তৃতীয় পবিত্র স্থান আল-আকসা মসজিদকে ইহুদিরা 'টেম্পল মাউন্ট' বলে দাবি করে। তাদের বিশ্বাস, এখানে তাদের দুটি প্রাচীন মন্দির ছিল। ১৯৬৭ সালের আরব-ইসরায়েল যুদ্ধে ইসরায়েল পূর্ব জেরুজালেম দখল করে নেয়। যদিও আন্তর্জাতিক সম্প্রদায় এই দখলকে কখনো বৈধতা দেয়নি।

ফিলিস্তিনিদের অভিযোগ, এই ধরনের হামলা পূর্ব জেরুজালেমকে 'ইহুদিকরণ' করার বৃহত্তর পরিকল্পনার অংশ, যার মাধ্যমে শহরের আরব ও ইসলামী পরিচয় মুছে ফেলার চেষ্টা চলছে।জেরুজালেমের ইসলামিক এনডাওমেন্টস ডিরেক্টরেট বলছে, ২০২২ সালের শেষ দিকে কট্টর ডানপন্থী নেতা ইতামার বেন-গভির ইসরায়েলের জাতীয় নিরাপত্তামন্ত্রী হওয়ার পর থেকে আল-আকসায় উসকানিমূলক কর্মকাণ্ড মারাত্মকভাবে বেড়ে গেছে।

ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে এখন পর্যন্ত ইসরায়েলি সেনা ও বসতকারীদের হাতে পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে অন্তত ১,০৪২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।

এদিকে, গত জুলাই মাসে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) রায় দিয়েছে যে ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলের দখলদারিত্ব সম্পূর্ণ অবৈধ এবং তাদের পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেম থেকে সব বসতি সরিয়ে নেওয়া উচিত।