সেপ্টেম্বর ২২, ২০২৫, ০৭:০২ পিএম
ভারত তার মহাকাশ নিরাপত্তা কৌশল জোরদার করার জন্য এক নতুন পরিকল্পনা হাতে নিয়েছে। এবার ভারতীয় উপগ্রহগুলোকে সম্ভাব্য আক্রমণ ও কৌশলগত হুমকি থেকে রক্ষা করতে দেশটি 'বডিগার্ড স্যাটেলাইট' তৈরি করবে। ভূমি থেকে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্রের প্রতিরক্ষায়
যেমন এস-৪০০ কাজ করে, মহাকাশে এই নতুন উপগ্রহগুলোও ভারতের বিদ্যমান স্যাটেলাইটগুলোর জন্য ঢাল হিসেবে কাজ করবে।সরকারি সূত্রের বরাত দিয়ে হিন্দুস্তান টাইমস জানিয়েছে, প্রাথমিকভাবে প্রায় ২৭ হাজার কোটি রুপি (৩ বিলিয়ন মার্কিন ডলার) ব্যয়ে ৫০টি নজরদারি উপগ্রহ উৎক্ষেপণের পরিকল্পনা নেওয়া হয়েছে।
এর প্রথমটি ২০২৬ সালের মধ্যেই কক্ষপথে স্থাপন করা হতে পারে।বর্তমানে ভারতের ১০০টির বেশি সক্রিয় উপগ্রহ রয়েছে, যেখানে চীনের আছে ৯৩০টিরও বেশি। চীনের দ্রুত বাড়তে থাকা মহাকাশ কর্মসূচি ভারত ও যুক্তরাষ্ট্রের জন্য উদ্বেগের কারণ।
২০২০ সালের গালওয়ান সংঘর্ষ এবং ২০২৫ সালের মে মাসে ভারত-পাকিস্তান সংঘাতের সময় চীন পাকিস্তানকে স্যাটেলাইট কভারেজ দিয়েছিল। এসব অভিজ্ঞতা থেকেই ভারত তার মহাকাশ প্রতিরক্ষা আরও শক্তিশালী করতে চাইছে।
এ লক্ষ্যে ভারত সরকার নতুন প্রযুক্তি উদ্ভাবনে দেশীয় স্টার্টআপ প্রতিষ্ঠানগুলোর সঙ্গে কাজ শুরু করেছে। ভবিষ্যতে 'লিডার' প্রযুক্তিসম্পন্ন উপগ্রহ তৈরির পরিকল্পনাও রয়েছে, যা শত্রুর হুমকি আগেভাগেই শনাক্ত করতে সক্ষম হবে। পাশাপাশি, ২৪ ঘণ্টা নজরদারি নিশ্চিত করতে স্থলভিত্তিক রাডার ও টেলিস্কোপ সিস্টেমও তৈরি করা হবে।



দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন