সেপ্টেম্বর ২৮, ২০২৫, ১০:৩৪ এএম
প্রতিরক্ষা সরঞ্জাম সরবরাহ, প্রযুক্তি হস্তান্তর ও যৌথ গবেষণার জন্য বাংলাদেশের সঙ্গে চুক্তি করতে আগ্রহী জাপান। এ চুক্তির ফলে বিশ্ব ভূরাজনীতিতে চীনের সঙ্গে ভারসাম্য রক্ষা করার চ্যালেঞ্জে ঢাকা।
বাংলাদেশের সঙ্গে একটি বিশেষায়িত প্রতিরক্ষা চুক্তি সই করতে আগ্রহ প্রকাশ করেছে বিশ্ব শক্তি জাপান। কূটনৈতিক সূত্রে জানা যায়, চলতি বছরের মধ্যেই এই চুক্তি সইয়ের প্রাথমিক উদ্যোগ চলছে। চুক্তিটি বাস্তবায়িত হলে প্রতিরক্ষা সরঞ্জাম সরবরাহ, প্রযুক্তি হস্তান্তর এবং যৌথ গবেষণার মাধ্যমে দুই দেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতার এক নতুন দিগন্ত উন্মোচন হবে।
গত মে মাসে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস টোকিও সফরকালে জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে বৈঠক করেন। সেই আলোচনায় প্রতিরক্ষা সহযোগিতার প্রসঙ্গ বিশেষ গুরুত্ব পায়। বৈঠকের ধারাবাহিকতায় ঢাকা ও জাপান নীতিগতভাবে প্রতিরক্ষা প্রযুক্তি ও সমরাস্ত্র বিনিময়-সংক্রান্ত চুক্তি সইয়ে সম্মত হয়েছে বলে ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছে।
এর আগে ২০২৩ সালের এপ্রিলে দুই দেশ প্রতিরক্ষা সহযোগিতাবিষয়ক সম্মতিপত্রে সই করেছিল, যার ভিত্তিতেই এখন বিস্তারিত চুক্তির প্রস্তুতি চলছে।
প্রস্তাবিত সমঝোতা জাপানের প্রতিরক্ষা নীতি অনুসারে তিনটি মূল উপাদানের ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। এর মধ্যে রয়েছে নৌ টহলযান, যোগাযোগব্যবস্থা ও নজরদারির প্রযুক্তি; সাইবার নিরাপত্তা, স্যাটেলাইট প্রযুক্তি ও উপকূলীয় নজরদারির মতো বিষয়ে যৌথ গবেষণা; এবং একটি কঠোর নিয়ন্ত্রণব্যবস্থা যেখানে সরবরাহকৃত সমরাস্ত্র তৃতীয় কোনো দেশে হস্তান্তর করা যাবে না।
বিশ্লেষকদের মতে, এ চুক্তি বাংলাদেশকে সামুদ্রিক নিরাপত্তা ও সাইবার প্রতিরক্ষায় আধুনিক প্রযুক্তি ব্যবহারের বড় সুযোগ করে দেবে।
বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস অ্যান্ড সিকিউরিটি স্টাডিজের (বিআইপিএসএস) প্রেসিডেন্ট মেজর জেনারেল (অব.) আ. ন. ম. মুনীরুজ্জামান মনে করেন, এই চুক্তির আওতায় বাংলাদেশ শুধু সমরাস্ত্র নয়, প্রযুক্তিগত সহায়তাও পাবে, যা সশস্ত্র বাহিনীর সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ। যেহেতু এতে বাধ্যতামূলক কোনো রাজনৈতিক শর্ত নেই, তাই বাংলাদেশের জন্য সহায়ক।
তবে নিরাপত্তা বিশ্লেষকেরা বলছেন, বাংলাদেশ দীর্ঘদিন ধরে চীনের কাছ থেকে সমরাস্ত্র সংগ্রহ করে আসছে। জাপানের সঙ্গে কৌশলগত সহযোগিতা বাড়লে বিশ্ব ভূরাজনীতিতে চীন কিছুটা অস্বস্তি বোধ করতে পারে।
তাই ঢাকাকে বড় শক্তিগুলোর মধ্যে ভারসাম্য বজায় রেখে অত্যন্ত সতর্কতার সঙ্গে এগিয়ে যেতে হবে। জাপান এর আগে ভারত, সিঙ্গাপুর, ভিয়েতনামসহ ১২টি দেশের সঙ্গে প্রতিরক্ষা প্রযুক্তি বিনিময়ের চুক্তি করেছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন