সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,
ব্রেকিং নিউজ

সেনাবাহিনীকে গাজায় অভিযান থামাতে বলল ইসরায়েল

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ৪, ২০২৫, ১০:১০ এএম

সেনাবাহিনীকে গাজায় অভিযান থামাতে বলল ইসরায়েল

ছবি - সংগৃহীত

যুক্তরাষ্ট্রের শান্তি প্রস্তাবে হামাসের আংশিক সম্মতির পর ইসরায়েল সরকার সেনাবাহিনীতে গাজা দখলের অভিযান থামাতে নির্দেশ দিয়েছে। যুদ্ধবিরতির প্রথম ধাপ কার্যকরে প্রস্তুত ইসরায়েল।

ফিলিস্তিনের গাজায় সামরিক অভিযান স্থগিত করার নির্দেশ দিয়েছে ইসরায়েল সরকার। ইসরায়েলের সরকারি অর্থায়নে পরিচালিত ‘আর্মি রেডিও’ এই খবর জানিয়েছে। মূলত, গাজায় যুদ্ধবিরতির লক্ষ্যে যুক্তরাষ্ট্রের দেওয়া শান্তি পরিকল্পনার প্রস্তাবে হামাস আংশিকভাবে রাজি হওয়ার পরই ইসরায়েলি সরকার এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল।

আর্মি রেডিওর সাংবাদিক ডরোন কাদোস জানান, ইসরায়েলের রাজনৈতিক নেতৃত্ব সেনাবাহিনীকে সামরিক কার্যক্রম ‘সর্বনিম্ন’ পর্যায়ে নামিয়ে আনতে এবং শুধু প্রতিরক্ষামূলক পদক্ষেপ নিতে বলেছে। এর বাস্তবিক অর্থ হলো, গাজা সিটি দখলের অভিযান আপাতত বন্ধ রাখা হয়েছে।

শনিবার (৪ অক্টোবর) ইসরায়েলের প্রধানমন্ত্রীর দপ্তর এক বিবৃতিতে জানায়, হামাস সব জিম্মিকে ছেড়ে দিতে রাজি হওয়ার পর ইসরায়েলও যুক্তরাষ্ট্রের পরিকল্পনার প্রথম ধাপের তাৎক্ষণিক বাস্তবায়নের প্রস্তুতি নিচ্ছে। এটি একটি বড় অগ্রগতি।

এর আগে শুক্রবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হামাসকে তাঁর ২০ দফা শান্তি প্রস্তাব মেনে নেওয়ার জন্য রোববার স্থানীয় সময় সন্ধ্যা ছয়টা পর্যন্ত সময়সীমা বেঁধে দেন। সময়সীমার কয়েক ঘণ্টা আগে হামাস এক বিবৃতিতে আংশিক সম্মতি জানায়। তারা জীবিত ও মৃত সব জিম্মিকে মুক্তি দিতে রাজি হলেও কিছু শর্ত নিয়ে আরও আলোচনার দাবি করেছে।

হামাসের এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে ট্রাম্প বলেন, সংগঠনটি স্থায়ী শান্তির পথে এগোচ্ছে। হোয়াইট হাউস প্রকাশিত পরিকল্পনায় গাজায় তাৎক্ষণিক যুদ্ধবিরতি, ৭২ ঘণ্টার মধ্যে ২০ জন জীবিত জিম্মি ফেরত দেওয়া এবং মৃতদের দেহাবশেষ হস্তান্তরের কথা বলা হয়েছে। এর বিনিময়ে ইসরায়েলও গাজার শত শত বন্দিকে মুক্তি দেবে। এই পুরো প্রক্রিয়া কার্যকর হলে যুদ্ধ ও জিম্মি সংকট নিরসনের পথ প্রশস্ত হবে।