অক্টোবর ১১, ২০২৫, ০৬:২৫ পিএম
২০২১ সালে তালেবান আফগানিস্তানের ক্ষমতায় আসার পর প্রথমবারের মতো ভারত সফরে এসে দেশটির অন্যতম প্রভাবশালী ইসলামি শিক্ষাপ্রতিষ্ঠান দারুল উলুম দেওবন্দ পরিদর্শন করলেন আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি। শনিবার (১১ অক্টোবর) সকালে তিনি ভারতের উত্তর প্রদেশের সাহারানপুর জেলায় অবস্থিত এই ঐতিহাসিক মাদ্রাসায় পৌঁছালে তাকে উষ্ণ অভ্যর্থনা জানান সেখানকার শীর্ষ আলেমরা।
এই সফরে মুত্তাকি হাদিসের পাঠ গ্রহণ করেন এবং তাকে সম্মানসূচক পাগড়ি পরিয়ে দেওয়া হয়। পরে তিনি জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি ও দারুল উলুম দেওবন্দের প্রধান মাওলানা আরশাদ মাদানির সঙ্গে একান্তে সাক্ষাৎ করেন।ভারতীয় সংবাদ সংস্থা এএনআই-কে দেওয়া এক সাক্ষাৎকারে আমির খান মুত্তাকি বলেন, “আমাকে যে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়েছে, তার জন্য আমি দেওবন্দের আলেম ও সাধারণ মানুষের প্রতি কৃতজ্ঞ। ভারত-আফগানিস্তান সম্পর্কের ভবিষ্যৎ খুবই উজ্জ্বল বলে মনে হচ্ছে।”
বৈঠক শেষে মাওলানা আরশাদ মাদানি বলেন, “আফগান পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আমাদের সম্পর্ক কেবল একাডেমিক নয়, ঐতিহাসিক। ভারতের স্বাধীনতার জন্য আমাদের পূর্বপুরুষরা আফগানিস্তানের ভূমি ব্যবহার করে বিরুদ্ধে লড়াই করেছিলেন।” তিনি আরও বলেন, এই বৈঠকের মাধ্যমে এটি স্পষ্ট হয়েছে যে, আফগানিস্তানের ভূমি থেকে ভারতে সন্ত্রাসী কর্মকাণ্ডে কোনো ধরনের মদদ দেওয়া হবে না।
উল্লেখ্য, দ্বিপাক্ষিক অর্থনৈতিক সম্পর্ক জোরদার করার লক্ষ্যে গত ৯ অক্টোবর আমির খান মুত্তাকি ভারত সফরে আসেন। সফরের দ্বিতীয় দিনেই তিনি নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্করের সঙ্গে বৈঠক করেন, যেখানে কাবুলে ভারতীয় দূতাবাস পুনরায় পুরোপুরি চালু করার সিদ্ধান্ত হয়।



দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন