রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

ট্রাম্পের শুল্ক নতজানু করেছে ভারতকে

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ১৯, ২০২৫, ১১:২৬ এএম

ট্রাম্পের শুল্ক নতজানু করেছে ভারতকে

ছবি - সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের আরোপিত নতুন শুল্কের আঘাতে বিপর্যস্ত হয়ে পড়েছে ভারতের দক্ষিণাঞ্চলীয় পোশাক শিল্পের কেন্দ্র ‘ডলার সিটি’ খ্যাত তিরুপুর। মাত্র সাত সপ্তাহের ব্যবধানে এই শহরের বহু কারখানা বন্ধ হয়ে গেছে এবং প্রায় ছয় লাখ শ্রমিকের জীবন-জীবিকা হুমকির মুখে পড়েছে।

গত আগস্টে রাশিয়া থেকে তেল কেনার জেরে ট্রাম্প প্রশাসন ভারতীয় রপ্তানি পণ্যের ওপর দুই ধাপে ৫০ শতাংশ শুল্কারোপ করে। এর সরাসরি প্রভাব পড়েছে তামিলনাড়ুর তিরুপুর শহরের ওপর, যেখান থেকে ‘মেড ইন ইন্ডিয়া’ ট্যাগের বেশিরভাগ টি-শার্ট আমেরিকার ওয়ালমার্ট ও টার্গেটের মতো বড় রিটেইলারদের কাছে যায়।

স্থানীয় ট্রেড ইউনিয়ন নেতা জি সম্পথ জানিয়েছেন, এরই মধ্যে শহরের উৎপাদন প্রায় ২৫ শতাংশ কমে গেছে। আমেরিকান আমদানিকারকরা নতুন অর্ডার বাতিল করছেন অথবা শুল্কের অজুহাতে ২০ শতাংশ পর্যন্ত ছাড় দাবি করছেন, যা দেওয়া এই শিল্পের পক্ষে অসম্ভব।

এই শুল্কযুদ্ধের সবচেয়ে বড় ভুক্তভোগী হয়েছেন শ্রমিকরা। বিহার থেকে আসা মনোহর সাহনি নামে এক শ্রমিক জানান, আগে তিনি ও তার স্ত্রী মাসে প্রায় ৪৫০ ডলার আয় করলেও এখন তাদের আয় কমে ২৫০ ডলারে নেমেছে। হাজার হাজার পরিযায়ী শ্রমিককে কাজ হারিয়ে নিজ রাজ্যে ফিরে যেতে হচ্ছে।বিশেষজ্ঞরা বলছেন, ভারতের প্রধান দুই প্রতিযোগী বাংলাদেশ ও ভিয়েতনাম মাত্র ২০ শতাংশ শুল্কে আমেরিকায় পণ্য রপ্তানির সুযোগ পাওয়ায়, ভারতের পোশাক শিল্প দীর্ঘমেয়াদী এক সংকটের মুখে পড়তে যাচ্ছে।