বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

নেতানিয়াহুর বিরুদ্ধে তুরস্কের গ্রেপ্তারি পরোয়ানা

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ৮, ২০২৫, ০৯:৫৫ এএম

নেতানিয়াহুর বিরুদ্ধে তুরস্কের গ্রেপ্তারি পরোয়ানা

গাজায় গণহত্যা চালানোর অভিযোগে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং দেশটির অন্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে তুরস্ক।গতকাল শুক্রবার ইস্তানবুলের প্রসিকিউটর অফিস এক বিবৃতিতে জানিয়েছে, তালিকাভুক্ত ৩৭ জন সন্দেহভাজনের মধ্যে রয়েছেন ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাৎজ, জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভির এবং সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ইয়াল জামির।

ইসরাইলি কর্মকর্তাদের বিরুদ্ধে তুরস্ক ‘গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের’ অভিযোগ এনেছে। তুরস্কের দাবি, এই অপরাধ গাজায় ২০২৩ সালের অক্টোবর থেকে ‘পরিকল্পিতভাবে’ চালিয়েছে তেল আবিব।বিবৃতিতে গাজায় সংঘটিত কিছু ঘটনার উল্লেখ করা হয়েছে, যেমন—২০২৩ সালের ১৭ অক্টোবর আল-আহলি ব্যাপটিস্ট হাসপাতালে হামলায় ৫০০ জন নিহত হওয়া, ২০২৪ সালের ২৯ ফেব্রুয়ারি ইসরাইলি সেনাদের ইচ্ছাকৃতভাবে চিকিৎসা সরঞ্জাম ধ্বংস করা, গাজা অবরোধ করা এবং ভুক্তভোগীদের কাছে মানবিক সাহায্য পৌঁছাতে না দেওয়া।

ইসরাইল এই পদক্ষেপকে ‘জনসংযোগের কৌশল’ আখ্যা দিয়ে নিন্দা জানিয়েছে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লিখেছেন, তারা “অত্যাচারী তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সর্বশেষ জনসংযোগ কৌশল ঘৃণার সঙ্গে প্রত্যাখ্যান করছে।”অন্যদিকে, গাজার শাসক গোষ্ঠী হামাস এই ঘোষণাকে স্বাগত জানিয়েছে। তারা এটিকে তুরস্কের জনগণ এবং তাদের নেতাদের আন্তরিক অবস্থানের প্রশংসনীয় পদক্ষেপ আখ্যা দিয়েছে।

উল্লেখ্য, আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) নেতানিয়াহু এবং তার সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গালান্তের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করার প্রায় এক বছর পর তুরস্কের তরফ থেকে এই ঘোষণা এল।