সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

বাংলাদেশ সেনাবাহিনীতে অফিসার ক্যাডেট পদে নিয়োগ বিজ্ঞপ্তি

দিনাজপুর টিভি ডেস্ক

মার্চ ৫, ২০২৬, ০৪:৪০ পিএম

বাংলাদেশ সেনাবাহিনীতে অফিসার ক্যাডেট পদে নিয়োগ বিজ্ঞপ্তি

সেনাবাহিনীতে নিয়োগ বিজ্ঞপ্তি

বাংলাদেশ সেনাবাহিনী জনবল নিয়োগের জন্য নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ৬২তম বিএমএ স্পেশাল কোর্সের আওতায় সিগন্যালস, ইএমই ও আর্মি এডুকেশন কোর এবং ৫৫তম বিএমএ স্পেশাল কোর্সের অধীন রিমাউন্ট ভেটেরিনারি অ্যান্ড ফার্ম কোরে অফিসার ক্যাডেট পদে জনবল নিয়োগ প্রদান করবে। আগ্রহী পুরুষ প্রার্থীদের আগামী ৪ এপ্রিলের মধ্যে নির্ধারিত প্রক্রিয়ায় অনলাইনে আবেদন সম্পন্ন করতে হবে। 

পদসংখ্যা নির্দিষ্ট না থাকলেও চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীরা সরকারি বিধি মোতাবেক বেতন ও অন্যান্য আকর্ষণীয় সুযোগ-সুবিধা প্রাপ্য হবেন।আবেদনের জন্য প্রার্থীদের নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে। 

সিগন্যালস কোরের ক্ষেত্রে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ের মতো সংশ্লিষ্ট বিষয়ে বিএসসি ইঞ্জিনিয়ারিং পাস হতে হবে। ইলেকট্রিক্যাল অ্যান্ড মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বা ইএমই কোরের জন্য মেকানিক্যাল বা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি প্রয়োজন। 

উভয় ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সিজিপিএ ৪ স্কেলে ন্যূনতম ৩ থাকতে হবে। এছাড়া আর্মি এডুকেশন কোরে অর্থনীতি, বিবিএ বা আন্তর্জাতিক সম্পর্কের মতো বিষয়গুলোতে এবং রিমাউন্ট ভেটেরিনারি অ্যান্ড ফার্ম কোরে ভেটেরিনারি সায়েন্সে স্নাতক ডিগ্রিধারীরা আবেদনের সুযোগ পাবেন।শারীরিক যোগ্যতার ক্ষেত্রে প্রার্থীদের উচ্চতা কমপক্ষে ১ দশমিক ৬৩ মিটার বা ৫ ফুট ৪ ইঞ্চি হতে হবে। 

ওজন হতে হবে উচ্চতা ও বয়স অনুসারে সেনাবাহিনীর নির্ধারিত স্কেল অনুযায়ী। ২০২৭ সালের ১ জানুয়ারি তারিখে আবেদনকারীর বয়স অনূর্ধ্ব ২৮ বছর হতে হবে। আবেদনের জন্য আগ্রহীদের সেনাবাহিনীর নিজস্ব ওয়েবসাইটের মাধ্যমে রেজিস্ট্রেশন করতে হবে। আবেদন ফি বাবদ মোট ১ হাজার টাকা জমা দিতে হবে যা ভিসা, মাস্টার কার্ড বা বিভিন্ন মোবাইল ব্যাংকিং গেটওয়ের মাধ্যমে পরিশোধ করা যাবে। নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য ও পরবর্তী নির্দেশনা সেনাবাহিনীর অফিশিয়াল পোর্টালে নিয়মিত প্রকাশ করা হবে।