সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

এসএসসি পাসে বিমানবাহিনীতে চাকরির বিশাল সুযোগ

দিনাজপুর টিভি ডেস্ক

মার্চ ২৭, ২০২৬, ০৩:৪৩ পিএম

এসএসসি পাসে বিমানবাহিনীতে চাকরির বিশাল সুযোগ

বিমানবাহিনীতে নিয়োগ

বাংলাদেশ বিমানবাহিনীতে জনবল নিয়োগের লক্ষে একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন মিনিস্ট্রি অব ডিফেন্স কনস্ট্যাবিউলারি বা এমওডিসি শাখায় এই নিয়োগ প্রদান করা হবে। এবারের বিজ্ঞপ্তিতে এমওডিসি জিডি এবং এমওডিসি ক্লার্ক এই দুটি বিশেষ ট্রেডে লোকবল নেওয়া হবে। 

ন্যূনতম এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন। আগ্রহী প্রার্থীদের জন্য আগামী ৫ এপ্রিল থেকে অনলাইনে আবেদনের সুযোগ রাখা হয়েছে।

প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে উভয় ট্রেডেই ন্যূনতম জিপিএ ২.০০ থাকতে হবে। বয়সের ক্ষেত্রে ৬ সেপ্টেম্বর ২০২৬ তারিখের মধ্যে আবেদনকারীর বয়স ১৬ থেকে ২১ বছরের মধ্যে হওয়া বাধ্যতামূলক। তবে প্রার্থীর বৈবাহিক অবস্থা অবশ্যই অবিবাহিত হতে হবে এবং কোনোভাবেই বিবাহ বিচ্ছেদকারী বা বিপত্নীক গ্রহণযোগ্য হবে না। 

শারীরিক যোগ্যতার ক্ষেত্রে উচ্চতা কমপক্ষে ৫ ফুট ৮ ইঞ্চি বা ১৭২.৭২ সেন্টিমিটার হতে হবে। এ ছাড়া বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ৩০ ইঞ্চি এবং প্রসারণকালে ৩২ ইঞ্চি থাকার শর্ত দেওয়া হয়েছে। ওজন হতে হবে বয়স ও উচ্চতা অনুযায়ী যথাযথ।বিজ্ঞপ্তি অনুযায়ী আবেদনের প্রক্রিয়া চলবে ১১ এপ্রিল ২০২৬ পর্যন্ত। আগ্রহী প্রার্থীদের বিমানবাহিনীর নির্দিষ্ট ওয়েবসাইটের মাধ্যমে ১৫০ টাকা আবেদন ফি জমা দিয়ে নাম নিবন্ধন করতে হবে। আবেদনের পর প্রবেশপত্র ও প্রয়োজনীয় কাগজপত্রসহ দুই সেট ফাইল নিয়ে নির্ধারিত তারিখে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। 

লিখিত পরীক্ষার কেন্দ্র হিসেবে ঢাকার তেজগাঁও পুরাতন বিমানবন্দরে অবস্থিত তথ্য ও নির্বাচনী কেন্দ্রকে নির্ধারণ করা হয়েছে। ট্রেডভেদে পরীক্ষার তারিখগুলো মে মাসের বিভিন্ন দিনে অনুষ্ঠিত হবে। এমওডিসি জিডি ট্রেডের পরীক্ষা হবে ৩, ৫, ৭ ও ১০ মে এবং ক্লার্ক ট্রেডের পরীক্ষা হবে ১২ মে।

নির্বাচিত প্রার্থীরা প্রশিক্ষণের সময় মাসিক ৮ হাজার ৮০০ টাকা বেতন পাবেন। প্রশিক্ষণ সফলভাবে শেষ করার পর তাদের পদবি অনুযায়ী নির্ধারিত বেতন ও ভাতাদি প্রদান করা হবে। যারা ইতিপূর্বে সেনাবাহিনী, নৌবাহিনী বা বিমানবাহিনী থেকে অপসারিত হয়েছেন কিংবা কোনো ফৌজদারি অপরাধে দণ্ডপ্রাপ্ত, তারা এই নিয়োগের জন্য যোগ্য বিবেচিত হবেন না। ১৮ বছরের কম বয়সী প্রার্থীদের ক্ষেত্রে অভিভাবকদের লিখিত সম্মতিপত্র জমা দেওয়ার বাধ্যবাধকতা রয়েছে। পরীক্ষার বিস্তারিত সময়সূচি ১৯ থেকে ২২ এপ্রিলের মধ্যে বিমানবাহিনীর নিজস্ব পোর্টালে প্রকাশ করা হবে।