সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি, ৪ হাজার এএসআই নিয়োগ

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ৬, ২০২৫, ০৭:৪৯ পিএম

স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি, ৪ হাজার এএসআই নিয়োগ

ছবি - সংগৃহীত

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ পুলিশের সক্ষমতা বৃদ্ধিতে একটি বড় সিদ্ধান্ত নিয়েছে সরকার। পুলিশের সাংগঠনিক কাঠামোতে সহকারী উপপরিদর্শক (এএসআই-নিরস্ত্র) পদে নতুন করে ৪ হাজার পদ সৃজনে সম্মতি দিয়েছে অর্থ মন্ত্রণালয়। সম্প্রতি অর্থ বিভাগ থেকে এ সংক্রান্ত একটি চিঠি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগে পাঠানো হয়েছে।

অর্থ মন্ত্রণালয়ের উপসচিব কাজী লুতফুল হাসান স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, বাংলাদেশ পুলিশের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে ৪ হাজার এএসআই (গ্রেড-১৪) পদ রাজস্ব খাতে অস্থায়ীভাবে সৃজনে সম্মতি জ্ঞাপন করা হলো। তবে এই পদ সৃজনের জন্য কয়েকটি শর্ত জুড়ে দেওয়া হয়েছে।

শর্তগুলোর মধ্যে অন্যতম হলো—এই ৪ হাজার এএসআই পদ চূড়ান্তভাবে সৃজনের আগে ৪ হাজার কনস্টেবল পদ বিলুপ্ত করতে হবে এবং এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সম্মতি নিতে হবে। এছাড়া প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটির সুপারিশ এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের উপদেষ্টার অনুমোদন গ্রহণ করতে হবে।

সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, এই ৪ হাজার পদের মধ্যে ২ হাজার পদে সরাসরি নিয়োগ পরীক্ষার মাধ্যমে এবং বাকি ২ হাজার পদে পুলিশ কনস্টেবলদের মধ্য থেকে পদোন্নতির মাধ্যমে পূরণ করা হবে। এর ফলে একদিকে যেমন নতুনদের জন্য পুলিশে চাকরির সুযোগ তৈরি হবে, তেমনি কনস্টেবলদের জন্যও পদোন্নতির একটি বড় দ্বার উন্মোচিত হবে।