জানুয়ারি ১৩, ২০২৬, ১০:৪৩ পিএম
জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার ঘটনায় দায়েরকৃত মানবতাবিরোধী অপরাধের মামলার সাক্ষ্যগ্রহণ আজ শেষ হয়েছে। মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর বিচারক মো. মঞ্জুরুল বাছিদের নেতৃত্বাধীন দুই সদস্যের বিচারিক প্যানেল এই ঘোষণা দেয়।
এদিন মামলার তদন্ত কর্মকর্তা রুহুল আমিনকে জেরার মাধ্যমে এই মামলার বিচারিক কার্যক্রমের গুরুত্বপূর্ণ একটি ধাপ সম্পন্ন হলো। এই মামলায় এখন পর্যন্ত মোট ২৫ জনের সাক্ষ্যগ্রহণ করা হয়েছে।
ট্রাইব্যুনালের বিচারিক প্যানেলে অন্য সদস্য হিসেবে ছিলেন জেলা ও দায়রা জজ নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর। প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর মিজানুল ইসলাম ও গাজী এমএইচ তামিম। অন্যদিকে, আসামিপক্ষ থেকে সাফাই সাক্ষ্যগ্রহণের কোনো আবেদন করা হয়নি।
ফলে আদালত মামলার যুক্তিতর্কের (Arguments) তারিখ নির্ধারণের জন্য আগামীকাল বুধবার (১৪ জানুয়ারি) দিন ধার্য করেছেন।এই মামলায় মোট ৩০ জন আসামির বিরুদ্ধে গত বছরের ৬ আগস্ট ফর্মাল চার্জ গঠন করা হয়েছিল। তাদের মধ্যে আজ ৬ জনকে কারাগার থেকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। তারা হলেন:
এএসআই আমির হোসেন
শরিফুল ইসলাম (বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর)
কনস্টেবল সুজন চন্দ্র রায়
ইমরান চৌধুরী (ছাত্রলীগ নেতা)
রাফিউল হাসান রাসেল ও আনোয়ার পারভেজ
উল্লেখ্য, বেরোবির সাবেক ভিসি হাসিবুর রশীদসহ আরও ২৪ জন আসামি এখনও পলাতক রয়েছেন। পলাতক আসামিদের পক্ষে রাষ্ট্রনিযুক্ত চারজন আইনজীবী আইনি লড়াই চালিয়ে যাচ্ছেন। গত ২৭ আগস্ট সূচনা বক্তব্যের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শুরু হওয়া এই বিচারিক প্রক্রিয়া এখন চূড়ান্ত রায়ের দিকে ধাবিত হচ্ছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন