জানুয়ারি ২৮, ২০২৬, ০১:০৬ পিএম
আগামী ৩০ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া ৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা স্থগিতের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন দায়ের করা হয়েছে। আজ বুধবার ২৮ জানুয়ারি পরীক্ষার্থীদের পক্ষে এই রিট আবেদনটি করেন আইনজীবী অ্যাডভোকেট নাজমুস সাকিব। রিট আবেদনে বলা হয়েছে যে বর্তমানে দেশে বিরাজমান নির্বাচনী আমেজ ও আনুষঙ্গিক পরিস্থিতির কারণে পরীক্ষার্থীদের যাতায়াত এবং শেষ মুহূর্তের প্রস্তুতিতে বড় ধরনের বিঘ্ন ঘটার আশঙ্কা রয়েছে।
সার্বিক এই পরিস্থিতি বিবেচনায় নিয়ে পরীক্ষার্থীদের দুর্ভোগ কমাতে পরীক্ষাটি পিছিয়ে দেওয়ার জন্য আদালতের হস্তক্ষেপ কামনা করা হয়েছে। বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের বা পিএসসির পূর্ব ঘোষণা অনুযায়ী আগামী শুক্রবার ৩০ জানুয়ারি সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এই প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
কমিশন ইতোমধ্যে ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ—এই ৮টি বিভাগীয় কেন্দ্রে একযোগে পরীক্ষাটি আয়োজনের সব ধরনের প্রশাসনিক ও কারিগরি প্রস্তুতি সম্পন্ন করেছিল।
গত বছরের ২৬ নভেম্বর ৫০তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল এবং ৪ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত বিপুল সংখ্যক চাকরিপ্রার্থী অনলাইনে আবেদন জমা দেন। পরীক্ষা সামনে রেখে পিএসসি ইতোমধ্যে তাদের অফিশিয়াল ওয়েবসাইটে পরীক্ষার্থীদের আসন বিন্যাস ও হল সংক্রান্ত সকল জরুরি নির্দেশনা ও সর্তকতা জারি করেছে। তবে আজ হাইকোর্টে রিট দায়েরের ফলে পরীক্ষাটি নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হওয়া নিয়ে এক ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছে।
এখন উচ্চ আদালতের রায়ের ওপরই চূড়ান্তভাবে নির্ভর করছে আগামী শুক্রবার কয়েক লাখ পরীক্ষার্থী প্রিলিমিনারি পরীক্ষায় অংশ নিতে পারবেন কি না। বিষয়টি নিয়ে পরীক্ষার্থীদের মধ্যে ব্যাপক চাঞ্চল্য ও মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। অনেকেই মনে করছেন বর্তমান পরিস্থিতিতে যাতায়াত ব্যবস্থা স্বাভাবিক রাখা চ্যালেঞ্জিং হতে পারে। অন্যদিকে পিএসসি সূত্র জানিয়েছে যে আদালতের কোনো স্থগিতাদেশ না পাওয়া পর্যন্ত তারা তাদের নির্ধারিত সময়সূচি অনুযায়ী পরীক্ষা নেওয়ার প্রস্তুতি চালিয়ে যাচ্ছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন