মার্চ ২৭, ২০২৬, ০৫:৪৫ পিএম
ঢাকার সাভারে জাতীয় স্মৃতিসৌধে স্বাধীনতা দিবসে শ্রদ্ধা জানাতে গিয়ে জয় বাংলা স্লোগান দেওয়া এবং উত্তেজনা সৃষ্টির অভিযোগে গ্রেফতার কথিত মডেল মোসা. সিমু আক্তার বৃষ্টি ওরফে মিষ্টি সুবাসসহ দুইজনের বিভিন্ন মেয়াদে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ শুক্রবার ঢাকার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. তাজুল ইসলাম সোহাগের আদালত এই আদেশ প্রদান করেন।
মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে মিষ্টি সুবাসের দুই দিন এবং রফিকুল ইসলাম ওরফে দুর্জয়ের তিন দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। এর আগে মামলার তদন্তকারী কর্মকর্তা ও আশুলিয়া থানার উপপরিদর্শক মো. শহিদুজ্জামান আসামিদের আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ডের আবেদন জানিয়েছিলেন।
পুলিশের পক্ষ থেকে রিমান্ড আবেদনে উল্লেখ করা হয়েছে যে, আসামিরা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর উদ্দেশ্যে ঘটনাস্থলে উপস্থিত হয়ে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি করেছেন।
মামলার সুষ্ঠু তদন্ত, মূল রহস্য উদ্ঘাটন এবং এই ঘটনার নেপথ্যে থাকা ইন্ধনদাতাদের নাম-ঠিকানা সংগ্রহের জন্য তাদের জিজ্ঞাসাবাদ করা একান্ত প্রয়োজন। অন্যদিকে আসামি পক্ষের আইনজীবী রিমান্ড বাতিল করে জামিন আবেদন করলেও রাষ্ট্রপক্ষ এর তীব্র বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত রিমান্ডের এই আদেশ দেন। ঢাকা জেলা পুলিশের প্রসিকিউশন বিভাগের এসআই বিশ্বজিৎ দেবনাথ বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ২৬ মার্চ দুপুরে নবীনগর জাতীয় স্মৃতিসৌধের মূল বেদির সামনে একদল নেতাকর্মী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ মুজিবুর রহমানের ছবি সংবলিত প্ল্যাকার্ড নিয়ে নিষিদ্ধ স্লোগান দেয়। তারা বর্তমান সরকারের বিরুদ্ধে বিভিন্ন ধরনের উসকানিমূলক স্লোগান দিচ্ছিল বলে পুলিশ দাবি করেছে। ওই সময় ঘটনাস্থল থেকে দুইজনকে আটক করা হয়। এই ঘটনায় আশুলিয়া থানায় সন্ত্রাস বিরোধী আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে আসামিদের জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন