রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

এবার প্রতারণা মামলায় রিমান্ডে সাবেক সেনা কর্মকর্তা মাসুদ

দিনাজপুর টিভি ডেস্ক

মার্চ ২৯, ২০২৬, ০৩:৩৭ পিএম

এবার প্রতারণা মামলায় রিমান্ডে সাবেক সেনা কর্মকর্তা মাসুদ

রিমান্ডে মাসুদ চৌধুরী

রাজধানীর পল্টন থানার একটি প্রতারণা মামলায় সাবেক সংসদ সদস্য ও অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীর ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রোববার দুপুরে ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক গোয়েন্দা পুলিশের আবেদনের প্রেক্ষিতে এই আদেশ প্রদান করেন। 

এর আগে সকালে তাকে কড়া নিরাপত্তায় আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করে ডিবি। শুনানি শেষে আদালত ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেন।

ফেনী-৩ আসনের সাবেক এই সংসদ সদস্যকে গত ২৩ মার্চ ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ গ্রেপ্তার করে। এর আগে মানবপাচারের অভিযোগে দায়ের করা একটি মামলায় তাকে পাঁচ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। সেই রিমান্ডের মেয়াদ শেষ হওয়ার পরপরই নতুন করে প্রতারণা মামলায় তাকে আবারও রিমান্ডে নেওয়া হলো। 

বর্তমানে তিনি গোয়েন্দা পুলিশি হেফাজতে রয়েছেন এবং তার বিরুদ্ধে আনা অভিযোগগুলো নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে।একই দিনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ মাসুদ উদ্দিন চৌধুরীর বিরুদ্ধে জুলাই গণহত্যার অভিযোগে করা একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেছে প্রসিকিউশন। 

চিফ প্রসিকিউটরের আবেদনের প্রেক্ষিতে ট্রাইব্যুনাল আগামী ৭ এপ্রিল তাকে আদালতে হাজির করার নির্দেশ দিয়েছেন। প্রসিকিউশন জানিয়েছে যে তার বিরুদ্ধে অতীতে সংঘটিত বিভিন্ন মানবতাবিরোধী অপরাধের সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেছে যা তদন্তাধীন রয়েছে।