রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

দুই মামলায় হাইকোর্টে জামিন পেলেন আইভী

দিনাজপুর টিভি ডেস্ক

এপ্রিল ৩০, ২০২৬, ১১:২৬ এএম

দুই মামলায় হাইকোর্টে জামিন পেলেন আইভী

আইভীর জামিন মঞ্জুর করেছেন হাইকোর্ট।

সিদ্ধিরগঞ্জ থানায় করা দুটি মামলায় উচ্চ আদালতে জামিন পেয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।এর আগে বুধবার (২৯ এপ্রিল) এই দুই মামলায় শুনানি শেষ হয়েছিল। আদালত আদেশের জন্য আজকের দিনটি ধার্য করে রেখেছিলেন। 

আজ আদালত কক্ষের নির্ধারিত কার্যসূচি অনুযায়ী শুনানি শেষে আইভীর জামিন আবেদন মঞ্জুর করা হয়।তবে সিদ্ধিরগঞ্জের মামলা দুটিতে জামিন পেলেও সেলিনা হায়াৎ আইভীর বিরুদ্ধে থাকা আরও ৫টি মামলার ভাগ্য এখনো ঝুলে রয়েছে। 

হাইকোর্টের দেওয়া ওই ৫ মামলার জামিন আদেশ নিয়ে আগামী রোববার (৩ মে) আপিল বিভাগ তাদের চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন। গত সোমবার (২৭ এপ্রিল) আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন বেঞ্চ এই দিন ধার্য করেন।

আদালতের নথি ও মামলা সংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, গত বছরের ৯ মে ভোর ৩টার দিকে নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকার চুনকা কুটির থেকে সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে আটক করা হয়। এরপর তাঁকে বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখানো হয়। পরবর্তীতে হাইকোর্ট ৫ মামলায় জামিন দিলেও আপিল বিভাগে রাষ্ট্রপক্ষের আবেদনের প্রেক্ষিতে তা স্থগিত হয়ে যায়।কারাগারে থাকা অবস্থায় গত ১৮ নভেম্বর আইভীকে আরও ৫টি নতুন মামলায় গ্রেপ্তার দেখানো হয়। 

এর মধ্যে ফতুল্লা থানায় করা বাসচালক আবুল হোসেন মিজি হত্যা, আব্দুর রহমান হত্যা, মো. ইয়াছিন হত্যা এবং পারভেজ হত্যা মামলা রয়েছে। এছাড়া হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় অপর একটি মামলা দায়ের করা হয়।হাইকোর্ট গত ২৬ ফেব্রুয়ারি এই মামলাগুলোতেও আইভীকে জামিন দিয়েছিলেন। তবে রাষ্ট্রপক্ষ সেই জামিন স্থগিত চেয়ে চেম্বার আদালতে আবেদন করলে ৫ মার্চ তা স্থগিত করা হয়। এরপর বিষয়টি আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠানো হয়। নারায়ণগঞ্জের সাবেক এই মেয়রের আইনজীবীরা আশা করছেন, আগামী রোববারের আদেশে অন্য মামলাগুলোতেও ইতিবাচক ফলাফল আসবে।