মে ১১, ২০২৬, ০৪:০০ পিএম
বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের অপহরণপূর্বক গুম করে ক্রসফায়ারের নামে ২ হাজার ২৭৬ জনকে হত্যার অভিযোগ তদন্ত চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পুনরায় অভিযোগ দাখিল করেছে দলটি। আজ সোমবার (১১ মে) ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কাছে এই অভিযোগ জমা দেওয়া হয়।
বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য এবং গুম, খুন ও মামলা বিষয়ক সমন্বয়ক মোহাম্মদ সালাউদ্দিন খান এই অভিযোগ দাখিল করেন। ২০০৮ সাল থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত সংঘটিত গুম ও হত্যার ঘটনাগুলো এই অভিযোগে অন্তর্ভুক্ত করা হয়েছে।
বিএনপি নেতা ইলিয়াস আলীসহ দুই হাজারের বেশি নেতাকর্মীকে গুম ও হত্যার বিষয়ে এর আগেও ২০২৫ সালের ৯ জানুয়ারি একই ধরনের অভিযোগ দাখিল করা হয়েছিল। তবে দীর্ঘ সময় পার হলেও তদন্তের কোনো দৃশ্যমান অগ্রগতি না থাকায় দল থেকে পুনরায় এই অভিযোগ দাখিল করা হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা।
দাখিলকৃত অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের অভিযুক্ত করা হয়েছে। বিএনপি দাবি করেছে, রাজনৈতিক প্রতিহিংসার কারণে বছরের পর বছর ধরে দলের নেতাকর্মীদের ওপর এই নির্যাতন চালানো হয়েছে।অভিযোগ জমা দেওয়ার পর মোহাম্মদ সালাউদ্দিন খান সংবাদমাধ্যমকে জানান, তারা গুম ও হত্যার প্রতিটি ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং বিচার চান। ইতিপূর্বে দাখিল করা অভিযোগের ওপর ভিত্তি করে কার্যকর কোনো পদক্ষেপ না নেওয়ায় তারা পুনরায় আদালতের দ্বারস্থ হয়েছেন।
বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, নিখোঁজ থাকা নেতাকর্মীদের সন্ধান এবং নিহতদের পরিবারের বিচার নিশ্চিত করতে তারা আইনি লড়াই চালিয়ে যাবেন। ট্রাইব্যুনাল সূত্র জানিয়েছে, অভিযোগটি গ্রহণ করা হয়েছে এবং নিয়ম অনুযায়ী পরবর্তী কার্যক্রম গ্রহণ করা হবে। বর্তমানে গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের এই বিষয়টি দেশের রাজনৈতিক ও আইনি অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন