মে ২০, ২০২৬, ১২:২৫ পিএম
সুপ্রিম কোর্টের আপিল বিভাগে সাংবাদিকদের প্রবেশের অনুমতি চেয়ে ফের চিঠি দিয়েছে সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরাম। আজ বুধবার সকালে প্রধান বিচারপতিকে এই চিঠি দেওয়া হয়। সংগঠনটির সভাপতি মাসউদুর রহমান রানা ও সাধারণ সম্পাদক মেহেদী হাসান ডালিম এতে স্বাক্ষর করেছেন।গত প্রায় চার মাস ধরে সর্বোচ্চ আদালতের এই বিভাগে সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা রয়েছে।
এজলাস কক্ষে সরাসরি উপস্থিত থাকতে না পারায় বিচার বিভাগের গুরুত্বপূর্ণ কার্যক্রমের সংবাদ সংগ্রহ ব্যাহত হচ্ছে। সঠিক তথ্যের অভাবে বিভ্রান্তি কিংবা অসম্পূর্ণ সংবাদ পরিবেশনের আশঙ্কা তৈরি হয়।
বিচার বিভাগের স্বচ্ছতা, জবাবদিহিতা ও জনআস্থা বজায় রাখতে গণমাধ্যমের অবাধ উপস্থিতি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।এর আগে পেশাগত দায়িত্ব পালনের সুযোগ চেয়ে লিখিত আবেদনের পাশাপাশি মানববন্ধনও করেছিলেন সাংবাদিকরা।
চিঠিতে ঈদুল আজহার পর থেকে এজলাস কক্ষে প্রবেশের অনুমতি দেওয়ার জন্য প্রধান বিচারপতির সদয় নির্দেশনা চাওয়া হয়েছে। অপসাংবাদিকতা রোধে তাকে সব ধরনের সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছে এসআরএফ। সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী এই চিঠি গ্রহণ করেন। এ সময় সংগঠনের কার্যনির্বাহী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন