বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬,

শিশু রামিসা হত্যা: ফাঁসির আসামিদের কনডেম সেলে স্থানান্তর

দিনাজপুর টিভি ডেস্ক

জুন ৯, ২০২৬, ১১:৩৭ এএম

শিশু রামিসা হত্যা: ফাঁসির আসামিদের কনডেম সেলে স্থানান্তর

রাজধানীর পল্লবীতে আট বছরের শিশু রামিসা আক্তারকে ধর্ষণ ও হত্যার দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে কনডেম সেলে রাখা হয়েছে। সোমবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন কারা অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক (উন্নয়ন) মো. জান্নাত-উল ফরহাদ।

সোহেল রানাকে কেরাণীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে এবং স্বপ্না আক্তারকে কাশিমপুর মহিলা কারাগারে ফাঁসির আসামিদের নির্ধারিত সেলে রাখা হয়েছে। কারা কর্তৃপক্ষের তথ্যমতে, রায়ের পর মানসিক অবস্থা বিবেচনায় এবং নিরাপত্তা নিশ্চিত করতে তাদের কঠোর নজরদারিতে রাখা হয়েছে। 

কনডেম সেলে সাধারণত ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিদের রাখা হয় এবং তাদের সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করা হয়।অন্যদিকে, ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী পঙ্কজ পিটার গোমেজ জানিয়েছেন, ৬৬ পৃষ্ঠার এই মামলার রায়ের কপি ও নথিপত্র সিলগালা করে আজ মঙ্গলবার উচ্চ আদালতের ডেথ রেফারেন্স শাখায় পাঠানো হবে।

 আইনানুসারে, মৃত্যুদণ্ড কার্যকর করার আগে হাইকোর্টের অনুমোদন বা ‘ডেথ রেফারেন্স’ বাধ্যতামূলক।এদিকে মাত্র ৬ কার্যদিবসে দ্রুত বিচার প্রক্রিয়ার মাধ্যমে এই রায় ঘোষিত হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা। আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান জানিয়েছেন, 

সরকার এই মামলাটিকে অগ্রাধিকার ভিত্তিতে (ফাস্ট ট্র্যাক) বিচার করেছে এবং তিনি আশাবাদী যে উচ্চ আদালতের প্রক্রিয়া শেষ করে তিন মাসের মধ্যেই চূড়ান্ত নিষ্পত্তি করা সম্ভব হবে।গত ১৯ মে ঘটনার পর পল্লবী থানা পুলিশ মাত্র ৫ দিনের মাথায় চার্জশিট দাখিল করে। দ্রুততম সময়ে বিচার সম্পন্ন করে গত ৭ জুন আদালত এই চাঞ্চল্যকর মামলার রায় ঘোষণা করেন।