বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

বেনজীরকে দেশে ফেরানো নিয়ে যা বললেন চিফ প্রসিকিউটর

দিনাজপুর টিভি ডেস্ক

জুন ১৫, ২০২৬, ০৩:৪০ পিএম

বেনজীরকে দেশে ফেরানো নিয়ে যা বললেন চিফ প্রসিকিউটর

সংযুক্ত আরব আমিরাতে গ্রেপ্তার হওয়া পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনতে আমিরাত সরকারের কাছে চিঠি পাঠিয়েছে বাংলাদেশ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম সোমবার নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান। 

ট্রাইব্যুনালের তিনটি মামলার পরোয়ানা ইতিমধ্যে সরকারের কাছে পাঠানো হয়েছে এবং এনসিবির মাধ্যমে তা ইন্টারপোলের কাছে পৌঁছে দেওয়া হবে।ট্রাইব্যুনালের অন্তত ১০টি মামলার তদন্তে তার সম্পৃক্ততা পাওয়া গেছে।চিফ প্রসিকিউটর জানিয়েছেন, কক্সবাজারের টেকনাফে এক ব্যক্তিকে হত্যার মামলায় তার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের প্রক্রিয়া প্রায় সম্পন্ন। 

শাপলা চত্বরের ঘটনায় তদন্তের কাজও শেষের দিকে। গুম, খুন এবং আর্থিক দুর্নীতির অসংখ্য অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। তিনি আরও জানান, কূটনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে আমিরাত সরকার তাকে ফিরিয়ে দিতে এক মাসের মতো সময় নিতে পারে।

দেশে ফেরার পর ট্রাইব্যুনালে চলমান মামলাগুলোতে তাকে বিচারের মুখোমুখি করা হবে। আমিনুল ইসলাম স্পষ্ট করেছেন যে, দেশে আসার পর তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। ক্রসফায়ারের ঘটনার রহস্যসহ অনেক গুরুত্বপূর্ণ তথ্য-প্রমাণ উদ্ধারের জন্য এই জিজ্ঞাসাবাদ অত্যন্ত প্রয়োজন বলে তিনি মনে করেন।