বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬,

তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ আদালতের

দিনাজপুর টিভি ডেস্ক

জুলাই ২১, ২০২৬, ০৯:১০ পিএম

তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ আদালতের

ছবি - সংগৃহীত

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যা মামলায় নতুন মোড় এসেছে। এই চাঞ্চল্যকর হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ নমুনা সংগ্রহের নির্দেশ দিয়েছেন আদালত। গত সপ্তায় কুমিল্লার জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালতের বিচারক এই আদেশ দেন বলে নিশ্চিত করেছে তদন্তকারী সংস্থা পিবিআই।

মামলার তদন্তের পরিধি দিন দিন আরও বিস্তৃত হচ্ছে।তদন্ত কর্মকর্তা পিবিআই পরিদর্শক মো. তারিকুল ইসলাম জানিয়েছেন, আদালতের কাছে আবেদন করার পর বিচারক মুমিনুল হক সন্দেহভাজন সাবেক সেনা সদস্য জাহিদুল এবং কলেজছাত্র রাব্বীর ডিএনএ সংগ্রহের অনুমতি প্রদান করেন। 

এর আগে এই মামলার প্রধান আসামি হিসেবে সন্দেহভাজন অবসরপ্রাপ্ত সার্জেন্ট জাহিদ, ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমান এবং সৈনিক শাহিনুল আলমের ডিএনএ নমুনা সংগ্রহ করে ক্রস-ম্যাচ করা হয়েছিল। নতুন করে এই দুই ব্যক্তির ডিএনএ সংগ্রহ করা হলে মামলার তদন্ত প্রক্রিয়া আরও এগিয়ে যাবে বলে আশা করা হচ্ছে।

এদিকে মামলার প্রধান সন্দেহভাজন অবসরপ্রাপ্ত সার্জেন্ট জাহিদুজ্জামান এবং সাবেক সেনাসদস্য শাহিন আলমের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ দিয়েছেন আদালত। মামলার অভিযুক্তদের মধ্যে সাবেক সেনাসদস্য শাহিন আলম কুয়েতে পালিয়ে গেছেন এবং অবসরপ্রাপ্ত সার্জেন্ট জাহিদুজ্জামানের অবস্থান এখনো নিশ্চিত করা যায়নি। অন্যদিকে, এই মামলায় গ্রেপ্তার একমাত্র আসামি হাফিজুর রহমান বর্তমানে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে বন্দি রয়েছেন।

উল্লেখ্য, ২০১৬ সালের বিশ মার্চ সন্ধ্যায় কুমিল্লা সেনানিবাসের ভেতরে একটি বাসায় টিউশনি করতে গিয়ে আর ফিরে আসেননি তনু। পরবর্তীতে খোঁজাখুঁজির একপর্যায়ে সেনানিবাসের পাওয়ার হাউসের অদূরে ঝোপের মধ্য থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। দীর্ঘ বছর ধরে চলা এই চাঞ্চল্যকর হত্যা মামলার ন্যায়বিচার পেতে বিভিন্ন সময় নানা পদক্ষেপ নেওয়া হলেও এখনো রহস্যাবৃত হয়ে আছে অনেক দিক।