জুলাই ২৬, ২০২৬, ০৫:৩৬ পিএম
জুলাই বিপ্লবের সময় সংঘটিত গণহত্যা ও দমন-পীড়নে সংশ্লিষ্টতার অভিযোগে সদ্য সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে। রোববার (২৬ জুলাই) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কার্যালয়ে বাংলাদেশ আজাদ পার্টি বা বিএপির পক্ষ থেকে এই অভিযোগ জমা দেওয়া হয়।
সংগঠনটির সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাসিনুর রহমান সরেজমিনে উপস্থিত হয়ে এই আবেদন পৌঁছে দেন।অভিযোগ দাখিল শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে বিএপি সভাপতি জানান, জুলাই বিপ্লব চলাকালে সারাদেশে প্রায় এক হাজার ৪০০ মানুষকে হত্যা করা হয়েছে এবং হাজার হাজার মানুষ আহত হয়েছেন। দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে আসীন থেকেও তৎকালীন রাষ্ট্রপতি অনাকাঙ্ক্ষিত এই সহিংসতা বন্ধে কোনো কার্যকর প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ করেননি। তিনি নীরব ভূমিকা পালন করেছেন বলে অভিযোগে দাবি করা হয়।
সংবাদ ব্রিফিংয়ে তিনি আরও উল্লেখ করেন, রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালনকালে অন্যায় রোধে তিনি পদত্যাগ করতে পারতেন, কিন্তু তা না করে দায়িত্বে বহাল ছিলেন। ফলে উর্ধ্বতন কর্তৃপক্ষের প্রশাসনিক দায়বদ্ধতার আইনি নীতি অনুযায়ী এই অনাকাঙ্ক্ষিত হতাহতের দায় তিনি এড়াতে পারেন না বলে বিএপির পক্ষ থেকে মত দেওয়া হয়।আবেদনটি গ্রহণের পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ভুক্তভোগী পরিবারগুলো উপযুক্ত ন্যায়বিচার পাবে বলে আশাবাদ ব্যক্ত করেছে দলটি।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন