বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬,

শাপলা চত্বর হত্যা মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার

দিনাজপুর টিভি ডেস্ক

জুলাই ২৯, ২০২৬, ০৭:২৫ পিএম

শাপলা চত্বর হত্যা মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার

ছবি : সংগৃহীত

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংঘটিত হত্যাকাণ্ড ও মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার রাজধানীর গুলশান এলাকা থেকে ডিবির একটি টিম তাকে গ্রেপ্তার করে।ডিএমপির মিডিয়া বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এই তথ্য নিশ্চিত করেছেন।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে পূর্বে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল। এই গ্রেপ্তারের মধ্য দিয়ে বহু আলোচিত শাপলা চত্বর মামলার তদন্ত ও বিচারপ্রক্রিয়ায় নতুন মাত্রা যুক্ত হলো।ট্রাইব্যুনালে দায়ের করা মামলায় অভিযোগ আনা হয়েছে যে, ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানকালে ব্যাপক প্রাণহানি, গুম ও মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হয়েছিল। 

ওই মামলায় সাবেক প্রধানমন্ত্রীসহ মোট একচল্লিশজনকে আসামি করা হয়েছে। আদালতের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে পরবর্তী কার্যক্রমে সোপর্দ করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। তদন্তকারী সংস্থা প্রয়োজনে তাকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করতে পারে।দীর্ঘদিন ধরে ঝুলে থাকা এই মামলার আইনি কার্যক্রম গতি পাওয়ায় বিচারপ্রক্রিয়া এখন দৃশ্যমান পর্যায়ে পৌঁছেছে।