রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

রিমান্ডে চাঞ্চল্যকর তথ্য দিচ্ছেন অভিযুক্ত ডেভিড ইমন

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ৩, ২০২৬, ১১:২১ এএম

রিমান্ডে চাঞ্চল্যকর তথ্য দিচ্ছেন অভিযুক্ত ডেভিড ইমন

ছবি : সংগৃহীত

চট্টগ্রামে অস্ত্র ও হত্যা মামলায় অভিযুক্ত মোবারক হোসেন প্রকাশ ডেভিড ইমনকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে জেলা পুলিশ। রোববার আদালতের আদেশের পর তার কাছ থেকে চাঁদাবাজি ও অস্ত্রের মজুত সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাচ্ছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।এর আগে গত ২৯ জুলাই যশোর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ফটিকছড়ি থানায় দায়ের করা দুটি মামলায় ডেভিড ইমনের মোট ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রোববার চট্টগ্রামের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোতাসিম বিল্লাহ এই আদেশ দেন। ফটিকছড়ির কাঞ্চননগর এলাকার বাসিন্দা ২৫ বছর বয়সী এই তরুণের বিরুদ্ধে গত ১৩ জুন রাউজান উপজেলায় যুবদল নেতা মাকসুদুল হক চৌধুরী হত্যায় জড়িত থাকার অভিযোগ রয়েছে।

একই সঙ্গে অস্ত্র মামলায় গ্রেপ্তার তার আরও চার সহযোগীরও পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে।হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মো. তারেক আজিজ জানান, একটি হত্যা ও অস্ত্র উদ্ধারের ঘটনায় দায়ের করা মামলায় পুলিশ ১৪ দিনের রিমান্ড চেয়েছিল। 

এর আগে যশোরের কোতোয়ালি থানার ঝুমঝুমপুর এলাকা থেকে ডেভিড ইমনকে গ্রেপ্তারের পর তার দেওয়া তথ্যের ভিত্তিতে ফটিকছড়ির একটি পরিত্যক্ত বাড়ি থেকে বিদেশি পিস্তলসহ বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করে পুলিশ। প্রাপ্ত তথ্যগুলো বর্তমানে যাচাই করা হচ্ছে।জেলা পুলিশ সুপার মো. মাসুদ জানান, এই আসামির বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যা ও চাঁদাবাজিসহ ১৪টি মামলা তদন্তাধীন রয়েছে।