আগস্ট ৩, ২০২৬, ০৩:৩৮ পিএম
ছাগলকাণ্ডে দেশজুড়ে আলোচিত জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক কর্মকর্তা মতিউর রহমানের বিরুদ্ধে সাড়ে পাঁচ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে বিচার শুরুর আদেশ দিয়েছেন আদালত। সোমবার ঢাকার বিভাগীয় স্পেশাল জজ বি এম তারিকুল কবীরের আদালত এই আদেশ দেন। একই সঙ্গে আগামী ১৪ সেপ্টেম্বর সাক্ষ্যগ্রহণের দিন নির্ধারণ করা হয়েছে।
সকালে কঠোর নিরাপত্তায় কারাগার থেকে আসামি মতিউর রহমানকে আদালতে হাজির করা হয়।শুনানি চলাকালীন আদালত তার বিরুদ্ধে আনুন অভিযোগ পড়ে শোনান। নিজেকে নির্দোষ দাবি করে আদালতের কাছে ন্যায়বিচার প্রার্থনা করেন তিনি। এরপর তার আইনজীবীরা জামিনের আবেদন করলেও দুর্নীতি দমন কমিশনের প্রসিকিউটর এর তীব্র বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে বিচারক জামিন নামঞ্জুর করে তার বিরুদ্ধে চার্জগঠন ও সাক্ষ্যগ্রহণের আদেশ দেন।
দুদকের দাখিল করা চার্জশিটে বলা হয়েছে, মতিউর রহমান সম্পদ বিবরণীতে ১ কোটি ২৪ লাখ টাকার তথ্য গোপন করেছেন।পাশাপাশি ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির মাধ্যমে ৫ কোটি ৪০ লাখ টাকার বেশি জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন। প্রসঙ্গত, ২০২৪ সালে কোরবানির ঈদে একটি ছাগল কিনতে গিয়ে আলোচনায় আসা এক যুবকের সূত্র ধরে তার পরিবারের বিপুল বিত্তবৈভবের তথ্য প্রকাশ পায়। এরপর দুদক তার ও তার পরিবারের সদস্যদের বিভিন্ন স্থাবর-অস্থাবর সম্পদ ও ব্যাংক হিসাব ক্রোক করে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন