বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

ধানমন্ডি ৩২ নম্বরে ভাঙচুর ইউনূসসহ ২৭ জনের নামে মামলার আবেদন

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ২০, ২০২৬, ০২:৪৪ পিএম

ধানমন্ডি ৩২ নম্বরে ভাঙচুর ইউনূসসহ ২৭ জনের নামে মামলার আবেদন

ছবি : সংগৃহীত

ধানমণ্ডি ৩২ নম্বরের বাড়িতে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে। একই আবেদনে অজ্ঞাতনামা আরও তিন থেকে পাঁচ হাজার ব্যক্তিকে আসামি করার কথা উল্লেখ করা হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালতে এক নারী বাদী হয়ে এই আবেদন করেন।

বাদীর জবানবন্দি গ্রহণের পর আদালত আবেদনটি আদেশের জন্য অপেক্ষমাণ রেখেছেন।মামলার অভিযোগে বলা হয়েছে, গত বছরের ৫ ফেব্রুয়ারি পূর্বপরিকল্পিতভাবে ধানমণ্ডি ৩২ নম্বরের ওই বাড়িতে প্রবেশ করে ব্যাপক ভাঙচুর চালানো হয়। পরে বুলডোজার ব্যবহার করে ভবনের বিভিন্ন অংশ গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ আনা হয়েছে। 

এ সময় ঐতিহাসিক নথি, স্মৃতিচিহ্ন ও অন্যান্য সম্পদ লুট এবং অগ্নিসংযোগের মাধ্যমে ধ্বংস করা হয়েছে বলে দাবি করা হয়েছে। ঘটনাটির পেছনে কয়েকজনের উসকানি, নির্দেশনা ও দায়িত্বহীনতা ছিল বলেও আবেদনে উল্লেখ করা হয়েছে।মামলার আবেদনে ড. ইউনূস ও ড. আসিফ নজরুল ছাড়াও ড. রেজওয়ানা হাসান, শফিকুল আলম, মোস্তফা সরয়ার ফারুকী, নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, হাসনাত আব্দুল্লাহ, সারজিস আলম, পিনাকী ভট্টাচার্যসহ আরও কয়েকজনের নাম রয়েছে।

 দণ্ডবিধির বিভিন্ন ধারার পাশাপাশি বিস্ফোরক দ্রব্য আইন ও সন্ত্রাসবিরোধী আইনের সংশ্লিষ্ট ধারায় অভিযোগটি আমলে নেওয়ার আবেদন জানানো হয়েছে। একই সঙ্গে আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারিরও আবেদন করেছেন মামলার বাদী। আদালত বাদীর বক্তব্য শুনে পরবর্তীতে এ বিষয়ে আদেশ দেবেন বলে জানা গেছে।