অক্টোবর ১৬, ২০২৫, ০২:৪৮ পিএম
জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের আবেদন করেছে রাষ্ট্রপক্ষ।
আজ বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম এই আবেদন জানান। বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনালে এই শুনানি অনুষ্ঠিত হয়।
যুক্তিতর্কে চিফ প্রসিকিউটর বলেন, জুলাই গণঅভ্যুত্থানে ১ হাজার ৪০০ ছাত্র-জনতাকে হত্যা করা হয়েছে। তিনি বলেন, ‘একজন মানুষকে হত্যার দায়ে যদি একবার মৃত্যুদণ্ড দেওয়া হয়, তবে ১ হাজার ৪০০ মানুষের হত্যার দায়ে শেখ হাসিনাকে ১ হাজার ৪০০ বার মৃত্যুদণ্ড দেওয়া উচিত। আইন অনুযায়ী তা সম্ভব না হওয়ায় আমরা তার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেওয়ার আবেদন করছি।’
মামলার আরেক আসামি সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন রাজসাক্ষী হিসেবে সাক্ষ্য দেওয়ায় তার শাস্তির বিষয়টি আদালতের বিবেচনার ওপর ছেড়ে দেওয়া হয়েছে। প্রসিকিউশনের পক্ষ থেকে অপরাধীদের সম্পত্তি বাজেয়াপ্ত করে শহীদ ও আহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার জন্যও আবেদন করা হয়েছে।
আগামী সোমবার এই মামলায় আসামিপক্ষের রাষ্ট্রনিযুক্ত আইনজীবীরা তাদের যুক্তিতর্ক উপস্থাপন করবেন। এরপরই মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ রাখা হবে।
উল্লেখ্য, গত ১০ জুলাই শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে আন্দোলন দমনে হত্যার উসকানি, নির্দেশ দান এবং ‘সুপিরিয়র কমান্ড রেসপনসিবিলিটি’সহ মোট পাঁচটি অভিযোগে বিচার শুরুর আদেশ দিয়েছিলেন ট্রাইব্যুনাল।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন