ফেব্রুয়ারি ৯, ২০২৬, ১১:২৬ এএম
ফেব্রুয়ারি মাসের ভালোবাসা সপ্তাহের প্রতিটি দিনই তরুণ প্রজন্মের কাছে বিশেষ গুরুত্ব বহন করে। সেই ধারাবাহিকতায় আজ সোমবার ৯ ফেব্রুয়ারি পালিত হচ্ছে `চকলেট ডে`। প্রিয় মানুষকে চকলেটের মাধ্যমে মিষ্টিমুখ করানো এবং সম্পর্কের তিক্ততা দূর করে মধুরতা ফিরিয়ে আনার লক্ষ্যেই এই দিনটি উদযাপন করা হয়। কেবল প্রেমিক-প্রেমিকা নয় বরং বন্ধু-বান্ধব বা পরিবারের সদস্যদের সাথেও চকলেটের আনন্দ ভাগ করে নেওয়ার দিন আজ।
চকলেটের জনপ্রিয়তার ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় যে এটি প্রায় দুই হাজার বছরেরও বেশি পুরোনো। শুরুতে কোকোবীজ থেকে তৈরি এক ধরনের তেতো পানীয় হিসেবে এর যাত্রা শুরু হয়েছিল। প্রাচীন মায়ান ও আজটেক সভ্যতায় কোকোবীজ এতটাই মূল্যবান ছিল যে তা মুদ্রা হিসেবে ব্যবহার করা হতো।
পরবর্তীতে স্প্যানিশরা কোকোতে চিনি ও মধু মিশিয়ে এটিকে সুস্বাদু মিষ্টান্নে রূপান্তর করে। ধীরে ধীরে এটি ইউরোপের অভিজাতদের বিলাসী খাবারে পরিণত হয় এবং বর্তমান সময়ে বিশ্বজুড়ে সাধারণ মানুষের অন্যতম পছন্দের খাবারে পরিণত হয়েছে।
১৮৪৮ সালে প্রথম শক্ত চকলেট বার বাজারে আসার পর থেকে এটি বিশ্বব্যাপী বাণিজ্যিক জনপ্রিয়তা পায়। ভালোবাসা দিবসের সাত দিনব্যাপী উৎসবের অংশ হিসেবে চকলেট ডের গুরুত্ব অপরিসীম। চকলেটের মিষ্টতা যেমন মন ভালো করে দেয় তেমনি বৈজ্ঞানিকভাবেও এটি শরীরে ভালো লাগার হরমোন নিঃসরণ করতে সহায়তা করে। তাই বিশেষ এই দিনে প্রিয়জনের পছন্দের ব্র্যান্ড বা স্বাদের চকলেট উপহার দিয়ে দিনটিকে আরও রঙিন করে তুলতে পারেন।
আজকের এই বিশেষ দিনে আপনিও আপনার প্রিয় মানুষকে পছন্দের চকলেট উপহার দিতে পারেন। ভালোবাসা বা বন্ধুত্বের সম্পর্কে ছোট একটি চকলেট বারও যে বড় পরিবর্তন আনতে পারে তা বলাই বাহুল্য। তাহলে আর দেরি কেন? দিনটি শেষ হওয়ার আগেই প্রিয়জনের মুখে হাসি ফুটিয়ে তুলুন এক টুকরো চকলেটে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন