রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

যেসব অভ্যাসের ভুলে কিডনিতে বাসা বাঁধছে পাথর, সতর্ক হোন

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ৭, ২০২৫, ১১:৪২ এএম

যেসব অভ্যাসের ভুলে কিডনিতে বাসা বাঁধছে পাথর, সতর্ক হোন

ছবি - সংগৃহীত

কিডনি আমাদের শরীরের ‘ফিল্টার’ হিসেবে কাজ করে, যা শরীর থেকে বর্জ্য পদার্থ ছেঁকে বের করে দেয়। কিন্তু আমাদেরই কিছু ভুল অভ্যাস এই গুরুত্বপূর্ণ অঙ্গটির মারাত্মক ক্ষতি করতে পারে, যার মধ্যে অন্যতম হলো কিডনিতে পাথর হওয়া। সম্প্রতি এক আন্তর্জাতিক গবেষণায় দেখা গেছে, যারা নিয়মিত নাইট শিফটে কাজ করেন, তাদের কিডনিতে পাথর হওয়ার ঝুঁকি অন্যদের তুলনায় বেশি।

চীনের সান ইয়াত-সেন বিশ্ববিদ্যালয়ের গবেষকদের নেতৃত্বে পরিচালিত এবং ‘মেয়ো ক্লিনিক প্রসিডিংস’ জার্নালে প্রকাশিত এই গবেষণায় প্রায় পৌনে দুই লাখ মানুষের ওপর ১১ বছরের বেশি সময় ধরে পর্যবেক্ষণ করা হয়। এতে দেখা যায়, যারা দীর্ঘদিন ধরে রাতের পালায় কাজ করেন, তাদের মধ্যে কিডনিতে পাথর জমার প্রবণতা উল্লেখযোগ্যভাবে বেশি।

গবেষকরা এর কারণ হিসেবে কয়েকটি বিষয়কে চিহ্নিত করেছেন। নাইট শিফটে কাজ করলে শরীরের স্বাভাবিক ‘দেহঘড়ি’ বা সার্কাডিয়ান রিদম ব্যাহত হয়। এর ফলে হরমোনের নিঃসরণ, হজম প্রক্রিয়া এবং ঘুমের মানে নেতিবাচক প্রভাব পড়ে, যা কিডনির কার্যকারিতার ওপর চাপ সৃষ্টি করে। এছাড়া, নাইট শিফট কর্মীদের মধ্যে প্রায়শই পানি কম খাওয়া, কায়িক পরিশ্রমের অভাব, ঘুমের ঘাটতি এবং ধূমপানের মতো অভ্যাস দেখা যায়, যা কিডনিতে পাথর জমার ঝুঁকি আরও বাড়িয়ে দেয়।

তবে শুধু নাইট শিফট নয়, আরও কিছু সাধারণ ভুলের কারণেও কিডনিতে পাথর হতে পারে। পর্যাপ্ত পরিমাণে পানি পান না করা এই সমস্যার অন্যতম প্রধান কারণ। পানি কম খেলে কিডনি ঠিকমতো বর্জ্য পদার্থ ছেঁকে বের করতে পারে না, ফলে খনিজ পদার্থ জমে পাথর তৈরি হয়। এছাড়া, অতিরিক্ত লবণযুক্ত খাবার, কোমল পানীয় এবং অনিয়ন্ত্রিত জীবনযাপনও কিডনির স্বাস্থ্যের জন্য ক্ষতিকর।

কিডনি সুস্থ রাখতে যা করবেন:

  • প্রচুর পানি পান করুন: দিনে অন্তত ৮ থেকে ১০ গ্লাস (২-৩ লিটার) পানি পান করা আবশ্যক।

  • পর্যাপ্ত ঘুমান: প্রতিদিন ৭-৮ ঘণ্টা নিরবচ্ছিন্ন ঘুম নিশ্চিত করুন।

  • সুষম খাবার খান: খাদ্যতালিকায় ফল ও শাকসবজি বাড়ান এবং লবণ ও প্রক্রিয়াজাত খাবার কমান।

  • ধূমপান ও অতিরিক্ত ক্যাফেইন বর্জন করুন: এই অভ্যাসগুলো কিডনির ওপর বাড়তি চাপ সৃষ্টি করে।