রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

চুল পড়া কমাবে যে ৬টি ড্রাই ফ্রুটস

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ১৪, ২০২৫, ০৮:৫০ পিএম

চুল পড়া কমাবে যে ৬টি ড্রাই ফ্রুটস

ছবি - সংগৃহীত

সুন্দর, ঘন ও মজবুত চুল কে না চায়? এর জন্য আমরা দামি তেল, শ্যাম্পু থেকে শুরু করে নানা রকম ঘরোয়া টোটকা ব্যবহার করি। কিন্তু প্রায়শই ভুলে যাই যে, চুলের আসল স্বাস্থ্য লুকিয়ে আছে আমাদের প্রতিদিনের খাদ্যাভ্যাসে। মানসিক চাপ, দূষণ এবং ভুল খাবারের কারণে চুল পড়ার সমস্যা  (আজকাল) প্রায় সবার। তবে কয়েকটি সাধারণ ড্রাই ফ্রুটস বা শুকনো ফল আপনার খাদ্যতালিকায় যোগ করেই এই সমস্যার অনেকটাই সমাধান করা সম্ভব।

চুলের স্বাস্থ্যের জন্য আমন্ড বা কাঠবাদাম অত্যন্ত উপকারী। এটি ভিটামিন-ই-এর এক দারুণ উৎস, যা মাথার ত্বকে রক্ত সঞ্চালন বাড়িয়ে চুলের গোড়ায় পুষ্টি ও অক্সিজেন পৌঁছাতে সাহায্য করে। এর ফলে চুলের গোড়া মজবুত হয় এবং চুল পড়া কমে।কাজুবাদামে রয়েছে প্রচুর পরিমাণে জিঙ্ক ও আয়রন। জিঙ্ক চুলের গোড়া মজবুত করে চুল ভাঙা রোধ করে, আর আয়রন মাথার ত্বকে অক্সিজেন সরবরাহ করে চুলকে স্বাস্থ্যকর রাখতে সাহায্য করে।

আখরোটে থাকা ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড, বায়োটিন ও ভিটামিন-ই চুলকে ভেতর থেকে পুষ্টি জোগায়। এটি চুলকে নরম, চকচকে ও শক্তিশালী করে তোলে এবং মাথার ত্বকের যেকোনো প্রদাহ কমাতে সাহায্য করে।চুল পাতলা হয়ে যাওয়া রোধ করতে খেজুরও খুব কার্যকর। খেজুরে থাকা প্রচুর আয়রন চুলের গোড়াকে মজবুত করে। প্রতিদিনের খাদ্যতালিকায় কয়েকটি খেজুর রাখলে চুল পড়ার সমস্যা অনেকটাই নিয়ন্ত্রণে আসে।

আকারে ছোট হলেও কিশমিশও চুলের জন্য খুব উপকারী। এটি আয়রন ও অ্যান্টি-অক্সিডেন্টে ভরপুর, যা চুলকে দূষণ ও অন্যান্য ক্ষতির হাত থেকে রক্ষা করে।এছাড়াও, পেস্তাবাদাম প্রোটিন ও ভিটামিন বি-৬ এর দারুণ উৎস, যা মাথার ত্বকে পুষ্টি জুগিয়ে চুলকে শুষ্ক ও প্রাণহীন হয়ে যাওয়ার হাত থেকে বাঁচায়।তবে মনে রাখতে হবে, এই ড্রাই ফ্রুটসগুলো তখনই সবচেয়ে ভালো কাজ করবে, যখন আপনি একটি সামগ্রিক স্বাস্থ্যকর জীবনধারা এবং সুষম খাদ্যাভ্যাস মেনে চলবেন।