সেপ্টেম্বর ২৬, ২০২৬, ১১:৩৮ এএম
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশ নিতে পাঁচ দিনের যুক্তরাষ্ট্র সফর শেষে দেশের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। স্থানীয় সময় রাত সাড়ে ১১টায় নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের নিয়ে এমিরেটসের একটি ফ্লাইট ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়।
প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান রয়েছেন বলে নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী। ফ্লাইটটি ২৬ সেপ্টেম্বর রাত আটটায় দুবাই পৌঁছানোর কথা রয়েছে। সেখান থেকে মধ্যরাত দুইটায় পুনরায় যাত্রা করে ২৭ সেপ্টেম্বর সকাল আটটা ৪০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সূচি রয়েছে।
সফরকালে প্রধানমন্ত্রী প্রথমবারের মতো সাধারণ পরিষদের বিতর্কে বাংলায় ভাষণ দেন। তিনি টেকসই উন্নয়ন, জলবায়ু পরিবর্তন, বৈশ্বিক মানবতা, শান্তি ও অর্থনৈতিক অংশীদারত্বের বিষয়ে বাংলাদেশের অবস্থান তুলে ধরেন। সংঘাত দূরীকরণে সংলাপের গুরুত্ব উল্লেখ করে সমৃদ্ধ বাংলাদেশ গড়তে থ্রি-আর কৌশল ঘোষণা করেন তিনি। রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ জোরদারের আহ্বান জানান তিনি।
এ ছাড়া জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান, পাকিস্তানের প্রধানমন্ত্রী মুহাম্মদ শাহবাজ শরিফ, ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রী আন্দ্রেজ প্লেনকোভিচ, থাইল্যান্ডের প্রধানমন্ত্রী অনুতিন চার্নভিরাকুল, হাইতির প্রধানমন্ত্রী আলিক্স দিদিয়ে ফিলস-এমের এবং ভুটান ও মালদ্বীপের শীর্ষ নেতাদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন প্রধানমন্ত্রী।
অর্থনৈতিক কূটনীতির অংশ হিসেবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জন্য বোয়িংয়ের সঙ্গে ১১টি উড়োজাহাজ কেনার চুক্তি স্বাক্ষর হয়। বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা, জেপি মরগানের নেতৃত্বে ওয়াল স্ট্রিটের প্রতিনিধি এবং গেটস ফাউন্ডেশনের প্রধান নির্বাহী মার্ক সুজম্যানের সঙ্গেও বৈঠক করেন তিনি। স্বাস্থ্য খাত সংস্কারে এক লাখ নতুন কর্মী নিয়োগের ভবিষ্যৎ পরিকল্পনার কথাও বিশ্বমঞ্চে তুলে ধরেন তিনি।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন